রিয়াদমুখী একাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র ভূপাতিত, সৌদির উড়োজাহাজ ধ্বংসের দাবি হুতির

সৌদি আরবে ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন কর্মকর্তারা। ফাইল ছবি / রয়টার্স
ইয়েমেনের হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। একই সঙ্গে সৌদি আরবের পূর্বাঞ্চলে তিনটি ড্রোনও ধ্বংস করার কথা জানিয়েছে তারা।
অন্যদিকে ইয়েমেনের আল-জাওফ অঞ্চলে সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি উড়োজাহাজ ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। দেশটির বিভিন্ন রণাঙ্গনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এসব ঘটনা ঘটেছে।
রবিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, হুতিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদ লক্ষ্য করে এগিয়ে আসছিল। জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো শনাক্ত করে ধ্বংস করেছে।
আল-মালিকি আরও জানিয়েছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিন ঘণ্টার মধ্যে এগুলো ধ্বংস করা হয়। একই সময়ে রিয়াদমুখী দুটি ক্ষেপণাস্ত্রও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জোট।
অন্যদিকে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, আল-জাওফের আকাশসীমায় অভিযান চালানোর সময় সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি উড়োজাহাজ ভূপাতিত করেছেন তারা। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, সংঘাত শুরুর পর থেকে এটি তাদের ভূপাতিত করা পঞ্চম উড়োজাহাজ।
এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ রাজধানী রিয়াদে জরুরি সতর্কতা জারি করে পরে তা তুলে নিয়েছে। পৃথক বার্তায় সংস্থাটি প্রথমে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে। পরে জানায়, বিপদ কেটে গেছে। তবে বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং কোথাও জড়ো হওয়া বা ঘটনার ছবি ধারণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে, ইয়েমেনের মারিব শহরের দিকে ছোড়া কয়েকটি ড্রোনও তারা ভূপাতিত করেছে।
ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেছেন, আল-জাওফের আল-হাজম ও মাদঘাল জেলায় তীব্র লড়াইয়ে সরকারি বাহিনী অগ্রগতি অর্জন করেছে। মারিবেও সংঘর্ষ বেড়েছে।
তিনি দাবি করেছেন, সৌদি সমর্থিত বাহিনীর ৭২৩টি লক্ষ্যভিত্তিক অভিযানে হুতিদের ৩২১ জন নেতা নিহত বা আহত হয়েছেন। তাইজ, লাহিজ, মারিব ও আল-জাওফ প্রদেশে এসব অভিযান চালানো হয়। এ ছাড়া হুতিদের ব্যবহৃত ১১৭টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর হিসাবে, সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত ৩৭টি বিমান হামলা, ৫৬টি ড্রোন হামলা এবং ৫৪১টি গোলাবর্ষণ চালিয়েছে।
তবে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, গত ২৪ ঘণ্টায় সাদা, তাইজ, লাহিজ ও আল-জাওফ প্রদেশে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৭২টি বিমান হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তিনি আরও দাবি করেছেন, লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনীকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা।
হুতিদের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৌদি সমর্থিত বাহিনীর গোলাবর্ষণে ইয়েমেনের রাজধানী সানার শুয়ুব জেলার একটি আবাসিক এলাকায় দুই নারী ও দুই শিশু আহত হয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, গত আগস্ট থেকে ইয়েমেনে সংঘাতের কারণে ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সৌদি আরবে নিরাপত্তা সতর্কতা
সৌদি আরবে হুতিদের হামলার আশঙ্কা বাড়তে থাকায় শনিবার দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাস। দেশজুড়ে জারি করা নিরাপত্তা সতর্কতায় নাগরিকদের আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি এবং যাতায়াতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। সংঘাত দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেও সতর্ক করেছে তারা।
সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার করলে মার্কিন নাগরিকদের চরম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছে। এক্সে দেওয়া বার্তায় দেশটির নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, কাছের নিরাপদ স্থানে যেতে এবং নিরাপত্তার স্বার্থে সরকারি সূত্র থেকে খবর জানতে বলা হয়েছে।
সূত্র : আলজাজিরা




