মার্কিন রাডারে হামলার দাবি ইরানের, ড্রোন ঠেকানোর কথা জানাল বাহরাইন

ইরানের শাহেদ ড্রোন। ফাইল ছবি / সংগৃহীত
বাহরাইনে মার্কিন সামরিক রাডারব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অন্যদিকে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন হামলা ঠেকিয়েছে।
মঙ্গলবার আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহিনীটি বলেছে, ‘অঞ্চলে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ’ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত। দেশটিতে এই হামলার খবর এমন সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা থমকে আছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও প্রভাব ফেলেছে।
গত কয়েক দিনে বাহরাইনে মার্কিন রাডারব্যবস্থায় হামলার একাধিক দাবি করেছে ইরান। মঙ্গলবারের হামলার খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বাসিন্দাদের মোবাইল ফোনে ‘সম্ভাব্য হুমকি’ সম্পর্কে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়ে ‘সবকিছু নিরাপদ’ বার্তা দেওয়া হয়।
এর আগে রবিবার আইআরজিসি জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ‘শত্রুতামূলক কর্মকাণ্ডের’ জবাবে বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার একটি রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন ছোড়া হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন বাহিনী অবস্থান করছে।
শুক্রবারও বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডারব্যবস্থায় হামলার দাবি করেছিল আইআরজিসি। তবে মার্কিন সামরিক বাহিনী দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছিল, দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তেহরান থেকে আলজাজিরার সংবাদদাতা রেসুল সারদার বলেছেন, শুক্রবারের পর থেকে সংঘাতের নিয়মে পরিবর্তন এসেছে বলে মনে হচ্ছে। তার মতে, ইরান এখন নিজেদের প্রতিরোধক্ষমতা ও পাল্টা হামলার সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে।
তিনি বলেন, প্রথমে ইরান সতর্ক করেছিল, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী যেসব তেলবাহী জাহাজ ইরানের সঙ্গে সমন্বয় করবে না, সেগুলোকে যুক্তরাষ্ট্র পাহারা দিলে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হবে। এখন তেহরান বলছে, ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের অব্যাহত লঙ্ঘনের জবাবেই বাহরাইনে মার্কিন রাডারব্যবস্থায় হামলা চালানো হয়েছে।
সারদারের ভাষ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রের কোনো নির্দিষ্ট হামলার জবাব নয়; বরং ইরানের আকাশসীমায় অব্যাহত অনুপ্রবেশের প্রতিক্রিয়া।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বাহরাইনেও নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র : আলজাজিরা




