হরমুজ এখন আইআরজিসির নিয়ন্ত্রণে

হরমুজের জলপথে আইআরজিসির নৌবাহিনীর মহড়া। ছবি : সংগৃহীত
বিশ্বে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এছাড়া প্রণালির চারপাশেও কর্তৃত্বের পরিধি বাড়িয়েছে সংস্থাটি।
তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, এই ভূ-কৌশলগত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ দিয়ে যেকোনো যাতায়াতের জন্য ইরানি সরকার, সামরিক বাহিনী এবং আইআরজিসির সঙ্গে সমন্বয় করে করতে হবে।
আইআরজিসির নৌবাহিনী সম্প্রতি ঘোষণা করেছে, তারা হরমুজ প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্বের পরিধি প্রসারিত করছে।
তারা বলছে, হরমুজ প্রণালি আইআরজিসির সামরিক নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক জাহাজ ও নৌযানগুলোকে এই প্রণালি দিয়ে যাতায়াতের একেবারেই অনুমতি দেওয়া হবে না। মিত্র দেশগুলোর জাহাজ ও নৌযানগুলোকে যাতায়াতের অনুমতি দেওয়া হবে, কিন্তু শত্রু দেশগুলোর জাহাজ ও নৌযানগুলোকে এই প্রণালি দিয়ে যাতায়াতের একেবারেই অনুমতি দেওয়া হবে না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত দুই-তিন দিনে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ ও নৌযানের সংখ্যা সামান্য বেড়েছে। প্রায় ৩০ থেকে ৪০টি জাহাজ ও নৌযান এই প্রণালি দিয়ে যাতায়াত করেছে, যেগুলোর অধিকাংশই চীনা কোম্পানির।
কিন্তু গত ২৪ ঘণ্টায় এ ধরনের কোনো জাহাজ বা নৌযান যাতায়াতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আলজাজিরা




