সিরিয়ার সেনাঘাঁটিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ

প্রথম বিস্ফোরণের পর আগুনের ফুলকি দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
সিরিয়ার উত্তরাঞ্চলে একটি অস্ত্রের গুদামে শক্তিশালী বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
আজ সোমবার ভোরে আলেপ্পো শহরের দক্ষিণে আল-ঈস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় প্রথম বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে একের পর এক বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলেপ্পোর বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানিয়েছেন, উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছেন। তবে বিস্ফোরণ চলতে থাকায় জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে সমস্যায় পড়ে।
আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব বাসিন্দাদের আপাতত বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তার জন্য বিস্ফোরণস্থলের দিকে যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
আলেপ্পো থেকে আল জাজিরার সাংবাদিক ওবায়দা হিত্তো জানিয়েছেন, প্রথম বিস্ফোরণের পর আরও কয়েক দফা বিস্ফোরণ হয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অ্যাম্বুলেন্স ও দমকলের গাড়ি ঘটনাস্থলের দিকে যেতে দেখা গেছে।
আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি একটি ‘প্রচণ্ড বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। পরে বাড়ির ছাদে উঠে দূরে বড় আগুনের শিখা দেখতে পেয়েছেন।
সাম্প্রতিক সিরিয়ায় অস্ত্র ও গোলাবারুদের গুদামে কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। দেশটি এক দশকের বেশি সময়ের গৃহযুদ্ধের পর এখন নতুন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।
২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন।
এর আগে চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
এরও এক সপ্তাহ আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যান বিস্ফোরিত হয়ে পাঁচজন নিহত হন।
সূত্র : আল জাজিরা




