ইরান যুদ্ধ ছড়াতে পারে ভারত মহাসাগর পর্যন্ত, হুঁশিয়ারি তেহরানের

ছবি: রয়টার্স
ইরান যুদ্ধের পরিসর আরও বড় করার হুমকি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে মধ্যপ্রাচ্যের সংঘাত ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির এক উপদেষ্টা। তার এই হুঁশিয়ারিতে সংঘাতের সম্ভাব্য নতুন ফ্রন্ট হিসেবে সামনে এসেছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর, যেখানে রয়েছে মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া। একই সময়ে নিউ ইয়র্কে যুদ্ধ বন্ধে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
ইরানের ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে ইয়াহিয়া রহিম সাফাভি নামের ওই উপদেষ্টা বললেন, ‘সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তাই আরও যুদ্ধের জবাবে সংঘাতের ফ্রন্ট আরও বিস্তৃত হয়ে ভারত মহাসাগর এবং সম্ভবত এরও বাইরে পৌঁছে যেতে পারে।’
সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইয়েমেনের হুতিরা সম্প্রতি লোহিত সাগরের উপকূলের নিয়ন্ত্রণ নিয়েছে। এতে এশিয়ার সঙ্গে সুয়েজ খালের মাধ্যমে ইউরোপকে যুক্ত করা কৌশলগত বাব এল-মান্দেব প্রণালির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও শক্ত হয়েছে।
ইরান দীর্ঘদিন ধরে হুতিদের সামরিক সহায়তা দিয়ে আসছে। তবে ইয়েমেনের সংঘাতে জড়িত থাকার কথা অস্বীকার করে দেশটি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর সূত্রপাত ঘটানো যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের উপকূলের কাছে হরমুজ প্রণালিও বন্ধ করে দিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটি। ফেব্রুয়ারির শেষ দিকে ওই হামলা শুরু হয়েছিল।
এখন হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি অবস্থান চলছে। যুদ্ধের আগে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হতো।
এর আগে ইরানি কর্মকর্তারা হুমকি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে সংঘাতের ভৌগোলিক পরিসর আরও বাড়ানো হবে।
তবে বৃহস্পতিবারের সতর্কবার্তাই প্রথম, যখন ইরানের সর্বোচ্চ নেতার কোনো উপদেষ্টা স্পষ্টভাবে ভারত মহাসাগরের কথা উল্লেখ করলেন। ভারত মহাসাগরেই রয়েছে কৌশলগত মার্কিন-ব্রিটিশ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, যা ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে।
সংঘাতের অবসানের আরেকটি প্রচেষ্টায় চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে দুই দেশের কর্মকর্তারা আলোচনা করেছেন।
যুদ্ধ বন্ধে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির অর্থনীতিকে লক্ষ্য করে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ নিঃশর্তে মুক্ত করে দেওয়া।
এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেবিও ইয়েমেনে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ করেন।
সূত্র : এএফপি




