ইংরেজিতেও ‘পশ্চিমবঙ্গ’ নাম চায় বিজেপি সরকার
- ৯ ডিসেম্বর বিধানসভায় প্রস্তাব

সংগৃহীত ছবি
ইংরেজিতে আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’। এ জন্য নাম পরিবর্তনের প্রস্তাব আনছে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। আগামী ৯ ডিসেম্বর রাজ্য বিধানসভায় এ প্রস্তাব তোলা হবে। সেখানে পাস হলে অনুমোদনের জন্য পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। এরপর সংসদের অনুমোদন পেলেই নাম পরিবর্তনের প্রক্রিয়া এগোবে।
সোমবার (২৩ নভেম্বর) কলকাতার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী ৪ থেকে ১৪ ডিসেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনের ৯ ডিসেম্বর রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব তোলা হবে। প্রস্তাবটি পাস হলে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে।
শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় রাজ্যের নাম যেভাবে লেখা হয়, ইংরেজিতেও সেভাবেই লেখা হবে। অর্থাৎ ‘ওয়েস্ট বেঙ্গল’-এর পরিবর্তে ব্যবহার করা হবে ‘পশ্চিমবঙ্গ’ বা ‘পশ্চিমবঙ্গের ইংরেজি প্রতিবর্ণীকরণ’ ‘পশ্চিমবঙ্গ’ (Paschim Banga)। রাজ্যের নামের সঙ্গে ১৯৪৭ সালের দেশভাগের ইতিহাস জড়িয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত মাসে রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভার সংসদ সদস্য শমীক ভট্টাচার্যও জানিয়েছিলেন, সব ভাষায় রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ থেকে ‘পশ্চিমবঙ্গ’ করার জন্য শিগগিরই বিল আনতে পারে রাজ্য সরকার।
তবে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের আলোচনা নতুন নয়। ১৯৯৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে বিষয়টি বিধানসভায় উঠেছিল। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও এ উদ্যোগ নেয়। ২০১১ সালে ‘পশ্চিমবঙ্গ’ নামটি ইংরেজিতেও ব্যবহারের প্রস্তাব কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল। ২০১৬ সালে বাংলা, ইংরেজি ও হিন্দিতে তিনটি আলাদা নামের প্রস্তাব দেওয়া হয়। এরপর ২০১৮ সালে তিন ভাষাতেই ‘বাংলা’ নাম রাখার প্রস্তাব বিধানসভায় পাস হয়। তবে তাতে সম্মতি দেয়নি কেন্দ্রীয় সরকার। ‘বাংলা’ নামটি বাংলাদেশের সঙ্গে বিভ্রান্তি তৈরি করতে পারে বলে কেন্দ্রের আপত্তি ছিল।
এবার সেই পুরোনো বিতর্কে নতুন মোড় নিয়েছে। তবে রাজ্য মন্ত্রিসভার অনুমোদন বা বিধানসভায় প্রস্তাব পাস হলেই নাম পরিবর্তন চূড়ান্ত হবে না। ২০১৯ সালে রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কোনো রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। ফলে শুভেন্দু অধিকারী সরকারের নতুন উদ্যোগের পর এখন কেন্দ্রীয় সরকারের অবস্থানের দিকেই নজর থাকবে।




