সীমান্ত পেরিয়ে ভারতের আকাশে চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ

প্রতীকী ছবি
ভারতের সিকিমে আকাশসীমা লঙ্ঘন করে প্রায় ২০ থেকে ২৫ মিনিট অবস্থান করেছে চীনের একটি সামরিক বিমান। গত ১২ নভেম্বর সকাল ৮টার দিকে বিমানটির গতিবিধি শনাক্ত করে ভারতীয় বিমানবাহিনী। এ সময় বিমানটিকে বারবার সতর্ক করে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বলা হলেও সেটি ওই এলাকায় অবস্থান করছিল বলে দাবি করা হয়েছে। ভারতের সংবাদমাধ্যম আউটলুক এক অজ্ঞাতনামা সূত্রের বরাতে জানিয়েছে এসব তথ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় বিমানটির অবস্থান শনাক্ত করা হয়। তবে বিমানটির ধরন, সুনির্দিষ্ট উড্ডয়নপথ এবং কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়ে যায়, তা জানা যায়নি। এ বিষয়ে বক্তব্য জানতে ভারতীয় বিমানবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে আউটলুক। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে বিমানটির অবস্থানের কারণে। সিকিমের যে এলাকায় বিমানটির উপস্থিতি শনাক্ত হয়েছে, সেখান থেকে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর দেখা যায়। পশ্চিমবঙ্গে অবস্থিত এই সরু ভূখণ্ড ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করেছে। সবচেয়ে সরু অংশে করিডরটির প্রস্থ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার। কৌশলগত গুরুত্বের কারণে এলাকাটি ‘চিকেনস নেক’ বা ‘মুরগির গলা’ নামেও পরিচিত। চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি হওয়ায় এই অঞ্চলে যেকোনো অস্বাভাবিক সামরিক তৎপরতা বিশেষ গুরুত্ব পায়।
সিকিমের সঙ্গে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্ত রয়েছে। এ ছাড়া ডোকলাম মালভূমিও এই অঞ্চলের কাছাকাছি। ২০১৭ সালে ডোকলামকে কেন্দ্র করে ভারত ও চীনের সেনাদের মধ্যে ৭৩ দিন ধরে অচলাবস্থা তৈরি হয়েছিল।
ভারত-চীন সীমান্তে এর আগেও চীনা সামরিক বিমানের গতিবিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২২ সালের জুনে পূর্ব লাদাখে ভারতীয় সেনাদের অবস্থানের কাছাকাছি উড়তে দেখা যায় চীনের একটি সামরিক বিমান। স্থলভাগে থাকা সেনাসদস্য ও ভারতীয় রাডারে বিমানটির উপস্থিতি ধরা পড়ার পর সতর্কতামূলক ব্যবস্থা নেয় ভারতীয় বিমানবাহিনী। পরে প্রচলিত সামরিক যোগাযোগব্যবস্থার মাধ্যমে চীনের কাছে বিষয়টি তুলে ধরে ভারত।
২০২০ সালে পূর্ব লাদাখে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনার সময় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছাকাছি চীনা সামরিক হেলিকপ্টার উড়তে দেখা যায়। এর জবাবে ওই অঞ্চলে যুদ্ধবিমান পাঠিয়ে টহল দেয় ভারতীয় বিমানবাহিনী। তবে তখন চীনা হেলিকপ্টারগুলো ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করেনি বলে জানিয়েছিলেন কর্মকর্তারা।
এর আগে ২০১৭ সালের ১১ অক্টোবর উত্তরাখণ্ডের বারাহোতি এলাকায় চীনের দুটি হেলিকপ্টার ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল বলে খবর প্রকাশিত হয়। একই বছরের ৭ নভেম্বর লাদাখে চীনের চারটি হেলিকপ্টার সীমান্ত অতিক্রম করে। এর মধ্যে একটি প্রায় ৩০ মিনিট ওই এলাকায় অবস্থান করেছিল বলে অভিযোগ রয়েছে। ওই বছরের জুনে উত্তরাখণ্ডের চামোলি জেলায় চীনের সেনাবাহিনীর দুটি হেলিকপ্টার প্রায় পাঁচ মিনিট উড়েছিল। এর তিন মাস পরই শুরু হয় ডোকলাম অচলাবস্থা।
সুত্র : আউটলুক




