নতুন গাড়ি চালানো শেখার সময় পুকুরে পড়ে নারীর মৃত্যু

পুকুরে পড়ে যাওয়া গাড়ি (বামে) এবং নিহত সুমিত্রা দাস। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন (পশ্চিম) এলাকায় গাড়ি চালানোর অনুশীলনের সময় পুকুরে পড়ে ৪২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম সুমিত্রা দাস। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে স্কুটারে বাড়ি ফিরেছিলেন তিনি।
এরপর স্কুটার রেখে স্বামীর সদ্য কেনা হুন্দাই ইয়ন গাড়িটি নিয়ে চালানো অনুশীলনে বের হন। কিছুক্ষণ পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
গাড়িটি পুরোপুরি পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। এক ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালানোর পর দমকল ও পুলিশ গাড়িটি পুকুর থেকে তুলতে সক্ষম হয়। তখন গাড়ির ভেতর সুমিত্রার মরদেহ পাওয়া যায়। তার মুখ ছিল গাড়ির পেছনের দরজার দিকে এবং পা ছিল চালকের আসনের কাছে।
এতে ধারণা করা হচ্ছে, গাড়ি ডুবে যাওয়ার সময় তিনি বের হওয়ার চেষ্টা করেছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, আগামী ২২ আগস্ট ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সুমিত্রার। গাড়ি চালনায় অনভিজ্ঞ হওয়ায় তিনি ভুল করে ব্রেকের বদলে গতি বাড়ানোর প্যাডেলে চাপ দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে গাড়িটি দ্রুতগতিতে পুকুরের মাঝখানে চলে যায়।
সুমিত্রার মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র : এনডিটিভি






