লিবিয়ার বন্দরে ড্রোন হামলায় ডুবল রুশ জাহাজ, ইউক্রেনকে সন্দেহ

মারকুরির বেশিরভাগ অংশ উল্টে পানিতে তলিয়ে গেছে। ছবি : সংগৃহীত
পূর্ব লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি জাহাজ ডুবে গেছে। হামলার পর বিস্ফোরণে জাহাজটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন লিবিয়ান ও রুশ নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গতকাল রবিবার ভোরের দিকে চালানো হয় এই হামলা। বেনগাজির সমুদ্রবন্দরে নোঙর করা ছিল জাহাজটি। আক্রান্ত জাহাজটির পাশে ছিল একটি নৌঘাঁটি। হামলার পরপরই যৌথ তদন্ত শুরু করেছে পূর্ব লিবিয়ার সরকার ও রাশিয়া।
স্থানীয় সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে, জাহাজটিতে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল। প্রত্যক্ষদর্শী বাসিন্দাদের বরাত দিয়ে সূত্রগুলো উল্লেখ করেছে, তিনটি ড্রোন এসে জাহাজটিতে আঘাত হানে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যান্টর জানিয়েছে, আক্রান্ত জাহাজটির নাম মারকুরি। এটি রুশ নৌবাহিনীর ছোট আকারের যুদ্ধজাহাজ।
আক্রান্ত হওয়ার পর গতকাল রবিবার তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির বেশিরভাগ অংশ উল্টে পানিতে তলিয়ে গেছে। কেবল সামনের অংশটুকু পানির ওপরে ভেসে আছে। জাহাজের ওপরের অংশ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ঘাটের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
অবশ্য বেনগাজি স্থানীয় কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, রাশিয়া ও পূর্ব লিবিয়ার সরকারের মধ্যকার একটি সহযোগিতা চুক্তির আওতায় জাহাজটি জ্বালানি ও রসদ নিতে বন্দরে ভিড়েছিল।
রবিবার গভীর রাতে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে ছোড়া হয়েছিল এই ড্রোনগুলো।
একই দিন সন্ধ্যায় বেনগাজি বন্দরের কাছে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও পৃথক ড্রোন হামলা হয়।
বেনগাজি প্রশাসনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরকবোঝাই সামুদ্রিক ড্রোনের আঘাতে বাণিজ্যিক জাহাজের যেসব নাবিক আহত হয়েছিলেন, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই কিয়েভ কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌ স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় গত শনিবার ফিনল্যান্ডের জলসীমার কাছে পূর্ব বাল্টিক সাগরে একটি রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।
এর আগে গত মার্চে লিবিয়া উপকূলে রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ হামলার পর ডুবে যায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন।
এ ছাড়া গত ডিসেম্বরেও ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে আকাশপথে ড্রোন হামলার কথা স্বীকার করেছিল ইউক্রেন।
মধ্যপ্রাচ্যবিষয়ক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞ তালহা আবদুর রাজ্জাক বলেছেন, লিবিয়ার বন্দরে এই হামলার পেছনে সম্ভবত ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাই রয়েছে।
তার ভাষ্য, গত বছরের শেষের দিকে ত্রিপোলি সরকারের সঙ্গে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার একটি চুক্তির খবর বেশ আলোচনায় ছিল। ওই চুক্তির আওতায় ত্রিপোলিতে ইউক্রেনের সামরিক ও গোয়েন্দা উপস্থিতি প্রতিষ্ঠার কথা ছিল। বিনিময়ে ত্রিপোলি সরকারকে ইউক্রেনের সামরিক অভিজ্ঞতা ও সহায়তা দেওয়ার কথা ছিল।
সূত্র : আলজাজিরা





