২ হাজার টন ধারণক্ষমতার দুটি উদ্ধারকারী জাহাজ কিনবে সরকার

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি
দেশের নদী ও সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম জোরদার করতে ন্যূনতম দুই হাজার টন উত্তোলনক্ষমতাসম্পন্ন দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। এসব জাহাজের পাশাপাশি সহায়ক নৌযান, প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য মো. সাদিক রিয়াজের (দিনাজপুর-২) এক লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনটি জানালেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ‘দুটি উচ্চক্ষমতার উদ্ধারকারী জাহাজ, সহায়ক নৌযান ও সংশ্লিষ্ট সরঞ্জাম সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পের প্রস্তাব করেছে।
প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশন (বিআরটিসি) সম্পন্ন করে। চুক্তির শর্ত অনুযায়ী, একই বছরের ডিসেম্বরে পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত প্রতিবেদন ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) জমা দেয়।
‘বিআইডব্লিউটিএ ২০২১ সালের ২১ ডিসেম্বর পুনর্গঠিত প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাব (পিডিপিপি) নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠায়। পরে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য ভৌত অবকাঠামো বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) পাঠানো হয়। তৎকালীন পরিকল্পনামন্ত্রী ২০২২ সালের ২৭ মার্চ প্রকল্পটিতে নীতিগত অনুমোদন দেন। প্রকল্পের জন্য বৈদেশিক সহায়তার সম্ভাবনা যাচাইয়ে একই বছরের ১০ এপ্রিল ইআরডি বৈদেশিক সহায়তা অনুসন্ধান কমিটির সভাও করে’-উল্লেখ করেন রবিউল আলম।
কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন চেয়ে ২০২২ সালের ১৮ এপ্রিল পিডিপিপিটি ইআরডির সংশ্লিষ্ট অনুবিভাগ ও শাখায় পাঠানো হয়। এ সময় জাপান, দক্ষিণ কোরিয়া ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীর কাছ থেকে অর্থায়ন পাওয়ার উদ্যোগ নেওয়া হয়।
নৌপরিবহনমন্ত্রী জানান, প্রস্তাবিত প্রকল্পের জন্য বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহে ইআরডির প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রকল্পটি পরিকল্পনা কমিশনের ‘গ্রিন পেজেস’-এ অন্তর্ভুক্ত করার প্রস্তাবও জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ডের (ইডিসিএফ) আওতায় ২০২৫-২০২৭ মেয়াদে অনুমোদনের অপেক্ষায় থাকা পাইপলাইন প্রকল্পের তালিকায়ও এটি অন্তর্ভুক্ত রয়েছে।



