চিপ নিষেধাজ্ঞার ফাঁক গলে যেভাবে মার্কিন এআই দিয়েই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তি তৈরি করছে চীন

ছবি: রয়টার্স
চীনা প্রতিষ্ঠানগুলো উন্নত মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের তৈরি উত্তর ও অন্যান্য আউটপুট ব্যবহার করে নিজেদের দেশের প্রতিদ্বন্দ্বী মডেলগুলোকে প্রশিক্ষণ দিতে ক্রমেই জটিল পদ্ধতি গ্রহণ করছে। নথিপত্রে এমন তথ্য উঠে এসেছে। নিজেদের এআই কৌশল আরও বিস্তৃত করা এবং চিপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের কঠোরতর বিধিনিষেধের প্রভাব সামাল দেওয়াই চীনের লক্ষ্য।
চীনের ৩০০টির বেশি গবেষণাপত্র, পেটেন্ট, কোম্পানির প্রকাশিত তথ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ও সরকারি নথি পর্যালোচনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, ‘ডিস্টিলেশন’ নামে পরিচিত এই পদ্ধতি এখন আর শুধু একাডেমিক গবেষণার মধ্যে সীমাবদ্ধ নেই। চীনে শিল্প খাতেও এর ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
নথিগুলোতে দেখা যায়, চীনা গবেষকেরা বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি, কম্পিউটার কোড লেখা এবং জটিল সমস্যার সমাধান বের করতে মার্কিন এআই মডেল ব্যবহার করছেন। পরে চীনা কোম্পানিগুলো এই প্রক্রিয়া স্বয়ংক্রিয় করতে সফটওয়্যার তৈরি করছে। পাশাপাশি বিশেষ প্রশিক্ষিত কর্মীরা ছোট আকারের দেশীয় এআই মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করছেন।
নথিগুলোতে আরও দেখা গেছে, চীনের শক্তিশালী উৎপাদনশিল্পের বিভিন্ন খাতে এআইয়ের ব্যবহার বাড়াতে ডিস্টিলেশন পদ্ধতিকে উৎসাহিত করছে বেইজিং। এর ফলে এআই প্রযুক্তি ব্যবহারের খরচ কমবে এবং তা সহজে কাজে লাগানো যাবে।
ডিস্টিলেশন অবৈধ নয়। বিশ্বের অন্যান্য দেশেও এই পদ্ধতির ব্যবহার রয়েছে। তবে এর মাধ্যমে কোনো উন্নত এআই মডেলের সব সক্ষমতা হুবহু নকল করা যায় না। উন্নত কম্পিউটিং সক্ষমতার প্রয়োজনও পুরোপুরি দূর হয় না। তা সত্ত্বেও কম খরচে পরিচালনাযোগ্য ছোট মডেলে নির্দিষ্ট কিছু দক্ষতা ধরে রাখতে এটি ডেভেলপারদের সহায়তা করে। ফলে মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হয়।
ডিস্টিলেশনের ব্যবহার বাড়তে থাকায় চীনে উন্নত চিপ বিক্রিতে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধের কার্যকারিতা কমে যেতে পারে। কারণ, মার্কিন প্রতিদ্বন্দ্বী এআই মডেলের সক্ষমতা কাজে লাগিয়েই চীনা ডেভেলপাররা নিজেদের এআই প্রযুক্তির উন্নয়ন ঘটাতে পারছেন। সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, এনভিডিয়ার মতো কোম্পানির উন্নত চিপে চীনের প্রবেশাধিকার আরও সীমিত করা হবে।
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে বিরোধের আরেকটি কারণ হয়ে উঠেছে ডিস্টিলেশন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠকের সম্ভাবনা রয়েছে।
গত সেপ্টেম্বরে মার্কিন কর্তৃপক্ষ প্রকাশ্যে অভিযোগ করে, চীনা কোম্পানিগুলো শিল্প পর্যায়ে পরিকল্পিতভাবে এবং আগ্রাসী পদ্ধতিতে মার্কিন এআই মডেলগুলোর ডিস্টিলেশন করছে।
এ ছাড়া গত জুলাইয়ে চেংদুতে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা চীনা নিয়ন্ত্রক সংস্থার কাছে উদ্বেগ প্রকাশ করেন। তাদের অভিযোগ, চীনা ডেভেলপাররা উন্নত মার্কিন এআই মডেলগুলোর তৈরি আউটপুট সংগ্রহ করছেন। এ ধরনের কিছু কর্মকাণ্ড মেধাস্বত্ব চুরির শামিল হতে পারে বলেও সতর্ক করেন তারা। আলোচনা সম্পর্কে অবগত তিন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে চীনের সাইবারস্পেস প্রশাসন কোনো জবাব দেয়নি। মঙ্গলবার মার্কিন বাণিজ্য দপ্তর রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের আগের বক্তব্যের দিকে নজর দিতে বলেছে। তাদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও।
গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট লিখেছিলেন, ‘চীনা কোম্পানিগুলো যখন গোপনে শিল্প পর্যায়ে ডিস্টিলেশনের মাধ্যমে হামলা চালায় এবং তা মেধাস্বত্ব চুরির সীমা অতিক্রম করে, তখন নিষেধাজ্ঞা আরোপ এবং প্রতিষ্ঠানগুলোকে এনটিটি লিস্টে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হবে।’
মার্কিন মডেলের উত্তর থেকে চীনা মডেল
ডিস্টিলেশন পদ্ধতিতে একটি শক্তিশালী ‘শিক্ষক’ মডেল বিভিন্ন প্রশ্নের উত্তর তৈরি করে বা কোনো কাজ কীভাবে করতে হয়, তা দেখিয়ে দেয়। সেই উত্তর ও উদাহরণ ব্যবহার করে ডেভেলপাররা তুলনামূলক ছোট একটি ‘শিক্ষার্থী’ মডেলকে প্রশিক্ষণ দেন।
কম্পিউটিং সক্ষমতার সীমাবদ্ধতায় থাকা চীনা ডেভেলপারদের কাছে এই পদ্ধতির আকর্ষণ হলো, একটি ব্যয়বহুল প্রশ্নের উত্তর বারবার কাজে লাগানোর সুযোগ। আলিবাবা গ্রুপের সাবেক এক প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে এ কথা জানিয়েছেন। তার মতে, একটি জটিল প্রশ্নের উত্তর একবার মার্কিন মডেল দিয়ে তৈরি করিয়ে নিতে পারে চীনা দলগুলো। এরপর সেই উত্তর থেকে প্রয়োজনীয় উদাহরণ সংরক্ষণ করে সেগুলোর ভিত্তিতে নিজেদের মডেলকে প্রশিক্ষণ দিতে পারে তারা।
২০২৪ সালের নভেম্বরে প্রকাশিত এক গবেষণাপত্রে সাংহাই জিয়াও থং বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানান, তারা ওপেনএআইয়ের ০১ মডেল থেকে প্রায় পাঁচ হাজার উত্তর বাছাই করেন। এরপর জিপিটি-৪ও মিনি ব্যবহার করে সেগুলো অনুবাদ করেন। এভাবে আলিবাবার কিউওয়েন২.৫-৭২বি মডেলকে আরও প্রশিক্ষণ দিতে তারা ১০ হাজার ৭৫০টি দ্বিভাষিক প্রশিক্ষণ-উদাহরণ তৈরি করেন।
তবে গবেষকেরা সতর্ক করে বলেন, ডিস্টিলেশনের ওপর অতিরিক্ত নির্ভরতা মৌলিক উদ্ভাবনের পথ বাধাগ্রস্ত করতে পারে। এতে ডেভেলপাররা আরও উন্নত এআই মডেল সরবরাহকারীদের উদ্ভাবনের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন।
এই প্রকল্পে দেখানো হয়েছে, মার্কিন মডেলের তৈরি আউটপুট কীভাবে পুনর্ব্যবহারযোগ্য তথ্য-উপাত্তে পরিণত হতে পারে। এর ফলে মূল মডেল সরবরাহকারীর কাছে বারবার না গিয়েই নিজেদের মডেলের উন্নয়ন ঘটাতে পারেন ডেভেলপাররা।
২০২৫ সালের এপ্রিলে প্রকাশিত এক গবেষণাপত্রে আলিবাবার গবেষকেরা আরও পরিকল্পিত একটি পদ্ধতির কথা জানান। এতে তারা চীনা ভাষা ছাড়া অন্যান্য ভাষায় প্রশিক্ষণের উপকরণ তৈরি করতে ওপেনএআইয়ের জিপিটি-৪ ও জিপিটি-৪ও ব্যবহার করেন। এরপর ছোট আকারের কিউওয়েন মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার আগে উত্তরগুলো আরও পরিমার্জন ও মূল্যায়ন করেন।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে সাংহাই জিয়াও থং বিশ্ববিদ্যালয় এবং চীনা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান মেইতুয়ানের গবেষকেরা একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এতে তারা জানান, প্রোগ্রামিং-সংক্রান্ত সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করা এআই এজেন্টগুলোর মধ্যে সমন্বয়ের পরিকল্পনা তৈরি করতে জিপিটি-৪ও ব্যবহার করেছেন। এর মাধ্যমে এ ধরনের কাজ পরিচালনার জন্য একটি ছোট মডেলকে প্রশিক্ষণ দিতে সহায়তা করা হয়েছে।
সাংহাই জিয়াও থং বিশ্ববিদ্যালয়, আলিবাবা ও মেইতুয়ান এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
বাড়ছে ভূরাজনৈতিক বিরোধ
শীর্ষস্থানীয় মার্কিন এআই কোম্পানিগুলোর মধ্যে ওপেনএআইয়ের ব্যবহারের শর্তে কিছু ব্যতিক্রম ছাড়া তাদের মডেলের আউটপুট ব্যবহার করে প্রতিদ্বন্দ্বী মডেল তৈরিতে নিষেধাজ্ঞা রয়েছে। একইভাবে অ্যানথ্রপিকও অনুমতি ছাড়া প্রতিদ্বন্দ্বী এআই ব্যবস্থা প্রশিক্ষণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। জুলাইয়ে চেংদুতে চীনা নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সম্পর্কে অবগত এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন মনে করে, শিল্প পর্যায়ে ডিস্টিলেশনের ব্যবহারই চীনা এআই মডেলগুলোর সঙ্গে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সক্ষমতার ব্যবধান কমে আসার প্রধান কারণ।
তবে চীনা ডেভেলপারদের কার্যক্রম সম্পর্কে অবগত দুজন ব্যক্তি এই মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তাদের মতে, প্রকৌশল, অ্যালগরিদম, তথ্য-উপাত্ত এবং মডেলের নকশায় উন্নতির পাশাপাশি ডিস্টিলেশনও এই অগ্রগতির একটি কারণ মাত্র।
চীনা সরকারি নথিতে কোম্পানিগুলোকে মার্কিন মডেলের ডিস্টিলেশন করার নির্দেশ দেওয়া হয়নি। তবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির বিভিন্ন খাতে এআইয়ের ব্যবহার ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ বেইজিং নিয়েছে, তার অংশ হিসেবে ডিস্টিলেশনকে উৎসাহিত করা হচ্ছে।
জানুয়ারিতে চীনের আটটি সরকারি সংস্থার প্রকাশ করা ‘ন্যাশনাল এআই প্লাস ম্যানুফ্যাকচারিং’ নীতিমালায় শিল্প খাতে ব্যবহারের জন্য এআই মডেলের প্রশিক্ষণ, ফাইন-টিউনিং এবং ডিস্টিলেশনে সহায়তার নির্দেশনা রয়েছে। কম্পিউটিং সক্ষমতার চাহিদা কমাতে সাংহাই ও শেনজেন কর্তৃপক্ষও এ ধরনের কৌশল ব্যবহারে উৎসাহ দিয়েছে।
এসব নীতিমালায় বিভিন্ন শিল্প খাতে ছোট ও কম খরচের এআই ব্যবস্থা ব্যবহারের বিষয়ে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
ডিস্টিলেশন নিয়ে ভূরাজনৈতিক সংবেদনশীলতা বাড়তে থাকায় সাম্প্রতিক মাসগুলোতে চীনা এআই ডেভেলপাররা দেশটির শিল্প নিয়ন্ত্রক সংস্থার কাছে এ বিষয়ে দিকনির্দেশনা চেয়েছেন। বিদেশি এআই মডেলের স্বাভাবিক ব্যবহার এবং প্রশিক্ষণের জন্য পরিকল্পিতভাবে সেগুলোর আউটপুট সংগ্রহের মধ্যে সীমারেখা কোথায়, তা জানতে চেয়েছেন তারা। আলোচনা সম্পর্কে অবগত এক ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।








