এনভিডিয়া থেকে হুয়াংয়ের পদত্যাগ, এআই শিল্পে বড় ধাক্কা

জেনসেন হুয়াংয়ের সঙ্গে আলোচিত সেই চীনা নারী— রয়টার্স
এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং পদ ছাড়ছেন। তার বিদায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্প সবচেয়ে বড় সমর্থককে হারাতে যাচ্ছে। একই সঙ্গে এআই খাতের শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করা চিপ নির্মাতা এনভিডিয়ার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার জানিয়েছে, স্থায়ী উত্তরসূরি খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস। এ ছাড়া প্রতিষ্ঠানটির প্রথমবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সিনপসিসের সাবেক সিইও ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সদস্য হার্ভে জোন্সকে।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা হুয়াং প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়াবেন। প্রায় ৩ দশমিক ৬১ শতাংশ শেয়ার নিয়ে তিনি প্রতিষ্ঠানটির চতুর্থ বৃহত্তম বিনিয়োগকারী।
আগাম লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম ১০ শতাংশের বেশি কমেছে। এর প্রভাব পড়েছে সামগ্রিক শেয়ারবাজারেও।
স্ত্রীকে এনভিডিয়ার সিইওর সঙ্গে পরিচয় করান স্বামী নিজেই, জানতেন প্রেমের খবরও
১২ নভেম্বর ২০২৬
গত কয়েক দিনে হুয়াংয়ের ওপর চাপ বাড়ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ৬৩ বছর বয়সী হুয়াং বিবাহিত হওয়া সত্ত্বেও এক চীনা ব্যবসায়ীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন। ওই নারী বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তি করেন বলে সন্দেহ যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের।
বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, বুধবার হুয়াংকে পদচ্যুত করার বিষয়টি বিবেচনা করতে বৈঠকে বসেছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এর আগে একই দিন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, হুয়াং তার অধীনস্থ প্রতিষ্ঠানের এক জ্যেষ্ঠ নির্বাহীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন।
হুয়াংয়ের বিদায়ে ৪ ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানটি অনিশ্চয়তার মুখে পড়েছে। একই সঙ্গে ব্যাহত হতে পারে এআই খাতের সেই বাস্তুতন্ত্র, যার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এনভিডিয়ার ক্রমবর্ধমান নগদ অর্থ ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী এবং শিল্পের বৃহত্তম গবেষণাগারগুলোয় পুনর্বিনিয়োগ করে এই বাস্তুতন্ত্র গড়ে তুলতে সহায়তা করেছিলেন হুয়াং।
ক্লিয়ারব্রিজ ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ব্যবস্থাপক মাইকেল ফেল্ডম্যান বললেন, ‘ঝুঁকিটা এই নয় যে এনভিডিয়া হঠাৎ তার প্রযুক্তিগত পরিকল্পনা হারিয়ে ফেলবে। আগামী কয়েক বছরের পরিকল্পনা মোটামুটি স্পষ্ট। ঝুঁকিটা হলো বাস্তবায়নে। জেনসেন অত্যন্ত জটিল একটি ব্যবস্থার প্রধান সমন্বয়ক ছিলেন।
তিনি আরও বলেছেন, ‘যেখানে প্রকৃত অর্থেই নানা সীমাবদ্ধতা রয়েছে, সেখানে এই সমন্বয়ক্ষমতাই নিজেই একটি প্রতিযোগিতামূলক সুবিধা।’
এআই খাতের শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের আস্থা এমনিতেই নড়বড়ে। প্রচুর নগদ অর্থের মালিক হিসেবে পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নগদ অর্থ ব্যয়ের পরিমাণ দ্রুত বাড়ছে। পাশাপাশি বাড়ছে ঋণ। এতে এআইয়ের উত্থান শেষ পর্যন্ত প্রত্যাশিত মুনাফা এনে দেবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
হুয়াংয়ের বিদায়ে যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানি নীতিতেও সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। চীনের বাজারে প্রবেশাধিকার ধরে রাখার পক্ষে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ট্রাম্প রবিবার বলেন, ‘আমাদের দেশের জন্য অসাধারণ কাজ করেছেন’ হুয়াং। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, হুয়াং তাকে বলেছিলেন, যে চীনা নারীর সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়েছিলেন, তিনি গুপ্তচর ছিলেন, তা তার জানা ছিল না।





