স্ত্রীকে এনভিডিয়ার সিইওর সঙ্গে পরিচয় করান স্বামী নিজেই, জানতেন প্রেমের খবরও

সংগৃহীত ছবি (এআই ব্যবহার করে রেজ্যুলেশন বাড়ানো হয়েছে)
এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যেই আলোচনায় এসেছেন সেই নারী অ্যালিস হুয়াংয়ের স্বামী কাং ওয়েই। জেনসেন হুয়াংয়ের সঙ্গে স্ত্রীর পরিচয় করিয়ে দিয়েছিলেন স্বামী কাং ওয়েই নিজেই। পরে সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠ সম্পর্কে। স্ত্রীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠতা শুধু জানতেনই না, এ নিয়ে প্রকাশ্যে কৌতুকও করতেন তিনি।
ওই নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের খবর প্রকাশ হওয়ার পর অব্যাহতভাবে কমছে এনভিডিয়ার শেয়ারের দাম।
অ্যালিস হুয়াংকে চীনা সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। জেনসেন হুয়াংও বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, কোনো গোপন তথ্য ফাঁস হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত করছে প্রতিষ্ঠানটি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের উদ্ধৃত সূত্রগুলোর তথ্য অনুযায়ী, কাং ওয়েই স্ত্রীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক মেনে নিয়েছিলেন। তাদের ঘনিষ্ঠতা নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন তিনি। এমনকি অ্যালিস হুয়াংকে এনভিডিয়ার সিইওর ‘ব্যক্তিগত সহকারী’ বলেও কৌতুক করেছিলেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েই ও অ্যালিস হুয়াং ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে সেগুলোকে নানা ব্যবসায়িক উদ্যোগ এগিয়ে নিতে কাজে লাগানোর একটি ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। বিভিন্ন খাতে তাদের একের পর এক বিনিয়োগের সর্বশেষ সংযোজন এনভিডিয়া।
তাদের বিনিয়োগের মধ্যে ছিল ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি এবং ক্লাউড কম্পিউটিং সংস্থা। বিভিন্ন ব্যক্তির সঙ্গে গড়ে তোলা যোগাযোগ কাজে লাগিয়ে তারা একে অপরের মধ্যে মালিকানার অংশীদারত্ব হস্তান্তর করতেন। এসব কর্মকাণ্ডের কারণে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরেও পড়েছিলেন এই দম্পতি।
২০১৬ সালে কাং ওয়েই ও অ্যালিস হুয়াং যৌথভাবে ‘সাংহাই হেক্সি’ নামের প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব নেন। হংকং ব্যাপটিস্ট ইউনিভার্সিটি থেকে মিডিয়া ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রিধারী অ্যালিস, ওয়েইয়ের সঙ্গে তার ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হন। চীনভিত্তিক তারকা তহবিল ব্যবস্থাপক ওয়েই ২০১০ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন।
ভিডিও গেম খাতে বিনিয়োগের সূত্র ধরে কাংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের পরিচয় হয়। পরে স্ত্রীকেও হুয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সেমিকন্ডাক্টর চিপ তৈরি করে আলোচনায় আসার আগে এনভিডিয়া গ্রাফিকস প্রসেসিং ইউনিট বা জিপিইউ উদ্ভাবনের পথিকৃৎ ছিল। এটি এমন একটি ভিডিও কার্ড, যা গেমের জটিল ত্রিমাত্রিক কাঠামো ও আলোর হিসাব-নিকাশের কাজ করে। ফলে কেন্দ্রীয় প্রসেসিং ইউনিট বা সিপিইউ আরও দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ পায়।
ভিডিও গেম খাতে বিনিয়োগ করা একটি প্রতিষ্ঠানের কাছ থেকে সিঙ্গাপুরভিত্তিক একটি ইউনিট কিনে নেয় এনভিডিয়া। পরে সেটিকে ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’ নামে একটি ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।




