মাঝপথে ধ্বংস ‘লং মার্চ ৭এ’ রকেট, মহাকাশযাত্রায় ফের ধাক্কা চীনের

ছবি: রয়টার্স
মহাকাশ জয়ের দৌড়ে ছুটছিল চীনের ‘লং মার্চ ৭এ’। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই আকাশেই শেষ হয়ে গেল সেই যাত্রা। সোমবার হাইনান দ্বীপের ওয়েনচাং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণের পরপরই রকেটটিতে দেখা দেয় অস্বাভাবিকতা। কিছুক্ষণের মধ্যেই সেটি ধ্বংস হয়ে যায়। সঙ্গে কক্ষপথে পৌঁছানোর আগেই হারিয়ে যায় বহন করে নেওয়া ‘চায়নাস্যাট-৪বি’ উপগ্রহও। এই ব্যর্থতা মহাকাশে যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের সঙ্গে পাল্লা দেওয়ার চীনা প্রচেষ্টায় নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার রাত ৮টা ২ মিনিটে ‘লং মার্চ ৭এ’ রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে উড্ডয়নের পর মাঝপথে একটি অস্বাভাবিকতা দেখা দেয় এবং অভিযানটি ব্যর্থ হয়। কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
চীনের জাতীয় মহাকাশ প্রশাসন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার খবরের প্রতিক্রিয়ায় স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রকেট তৈরি করা অসম্ভব রকম কঠিন।’
পরে তিনি বললেন, ‘আশা করি তারা দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে।’
চীনের বহু বেসরকারি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বর্তমানে স্পেসএক্সের সঙ্গে মহাকাশ উৎক্ষেপণের প্রতিযোগিতায় ব্যবধান কমানোর চেষ্টা করছে।
ডারহাম বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক এবং সেন্টার ফর স্পেস এনভায়রনমেন্টালিজমের সদস্য জোনাথন ম্যাকডাওয়েল বলেছেন, উৎক্ষেপণের ভিডিও দেখে মনে হচ্ছে অপেক্ষাকৃত কম উচ্চতা ও গতিতেই রকেটটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে উপগ্রহটি কিংবা রকেটের কোনো ধ্বংসাবশেষই কক্ষপথে পৌঁছায়নি।
‘লং মার্চ ৭এ’-এর জন্য এই ব্যর্থতা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২০ সালের মার্চে প্রথম উৎক্ষেপণের সময়ও উড্ডয়নের মাঝপথে ত্রুটির কারণে অভিযান ব্যর্থ হয়েছিল।
তবে এর এক বছর পর আবার সফলভাবে উড্ডয়ন শুরু করে রকেটটি। এরপর সোমবারের অভিযান পর্যন্ত চীনের উৎক্ষেপণ রেকর্ড অনুযায়ী, ‘লং মার্চ ৭এ’ এক ডজনেরও বেশি সফল মহাকাশ অভিযান সম্পন্ন করেছিল।
ফলে দীর্ঘ সাফল্যের পর ফের আকাশেই রকেট হারানোর এই ঘটনা চীনের মহাকাশ কর্মসূচির জন্য নতুন করে প্রযুক্তিগত প্রশ্নও সামনে আনছে।





