অনূর্ধ্ব-২০ দলের ভরাডুবি
জেরার্ড জোন্সকে ছাঁটাই

ছবি: বাফুফে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ ব্যবধানে হারের কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত নেয় বাফুফে। একই সঙ্গে তার সঙ্গে চুক্তি বাতিল করে টিম হোটেল ত্যাগ করতেও বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
‘তার অধীনে দলের ফলাফল সন্তোষজনক নয়। তা ছাড়া তার আচরণেও বাফুফে বিব্রত। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং হোটেল ত্যাগ করতে বলা হয়েছে। গ্রুপের শেষ ম্যাচে দলের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।’
দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্কিত সব কর্মকাণ্ডে আলোচনায় ছিলেন জোন্স। নিজের সোশ্যাল হ্যান্ডলে পোস্টের মাধ্যমে প্রতিদিনের কর্মকাণ্ড তুলে ধরতেন। এরকমই এক পোস্টে বাফুফেকে কাঠগড়ায় দাঁড় করান কোচ। সময়মতো পরিবারের কাছে বেতন পাঠাতে না পারার জন্য দায়ী করেন বাফুফেকে। অথচ জানা যায়, বাফুফে নির্ধারিত সময়েই বেতন পরিশোধ করেছে। সে সময় এ নিয়ে নমনীয় ছিল বাফুফে।
সম্প্রতি ঢাকায় টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে তুচ্ছ ঘটনায় মারামারির ঘটনায় জড়িয়েছিলেন তিনি। এ নিয়ে পরবর্তী সময়ে জাতীয় জরুরি নম্বর ৯৯৯-এর ফোন করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের কাছেও অভিযোগ করেন। এতে ভীষণভাবে বিব্রত হয় বাফুফে।
তারপরও কোচকে দায়িত্ব থেকে সরায়নি দলের স্বার্থে। গুরুত্বপূর্ণ বাছাইয়ে তাকেই পাঠানো হয় উজবেকিস্তানে। তবে এই কোচ মাঠেও যে অসফল তার প্রমাণ মিলেছে বাছাইয়ের প্রথম দুই ম্যাচে। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার কাছে হেরে বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে দলের। কোচের দল পরিচালনা নিয়েও উঠেছে বিতর্ক। তাই ম্যাচের পর রাতেই বাফুফে নেয় কঠোর সিদ্ধান্ত। ই-মেইলের মাধ্যমে কোচকে দেওয়া হয় অব্যাহতি এবং হোটেলও ছাড়তে বলা হয় তাকে।





