ফিফার ‘বিশেষ সুবিধা’ নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসির আর্জেন্টিনা কি ফিফার বিশেষ আনুকূল্য পাচ্ছে? চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার তুলনামূলক সহজ প্রতিপক্ষ এবং পেনাল্টি প্রাপ্তি দেখে ফুটবলপ্রেমীদের একাংশের মধ্যে এমন একটি তত্ত্ব বা গুঞ্জন ডালপালা মেলেছে। মাঠের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির দিকে ধেয়ে গেল সেই বিতর্কিত প্রশ্ন— ফিফা কি সত্যিই চায় মেসিরা এবারও বিশ্বকাপ ধরে রাখুক?
কাগজে-কলমে নকআউট পর্বে আর্জেন্টিনার সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার পথটা অন্য পরাশক্তিদের চেয়ে কিছুটা সহজ। রাউন্ড অব থার্টি টুতে বিশ্বকাপের নবাগত দল কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ১৬-তে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিসর। আর কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে সুইজারল্যান্ড বা কলম্বিয়ার সঙ্গে।
আর্জেন্টিনার এমন ‘সহজ’ পথ দেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক দাবি করছেন, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (ফিফা) চাইছে, মেসি যেন তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটিও উঁচিয়ে ধরতে পারেন। এই তত্ত্ব নিয়ে প্রশ্ন করা হলে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। তবে আজকাল সোশ্যাল মিডিয়ায় যেকোনো অযৌক্তিক মতামতও দ্রুত জনপ্রিয় হয়ে যায়। আমাদের এই ধরনের অবাস্তব কথাবার্তা উপেক্ষা করা উচিত। এগুলো বাদ দিয়ে আমাদের শুধু মাঠের খেলা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোয় ফোকাস করতে হবে।’
তিনি আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম জিনিসটাই এমন। এর ভালো দিক যেমন আছে, তেমনি কিছু খারাপ দিকও আছে। দুর্ভাগ্যবশত, আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’
একই সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিপক্ষ, আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে নিয়েও কথা বলেন স্কালোনি। মাত্র সাড়ে ৫ লাখ জনসংখ্যার দেশটি এবারই প্রথম বিশ্বকাপে এসেই রূপকথা লিখছে। গ্রুপ পর্বে তারা স্পেন (০-০), উরুগুয়ে (২-২) এবং সৌদি আরবের (০-০) মতো দলগুলোকে রুখে দিয়ে অপরাজিত থেকে নকআউট পর্বে পা রেখেছে।
আর্জেন্টিনার মহাতারকা মেসির সামনে এবার দেয়াল হয়ে দাঁড়াবেন কেপ ভার্দের
৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই
উল্লেখ করে স্কালোনি বলেন, ‘ওরা এমন একটা দল, যারা এই বিশ্বকাপে এখনো
কোনো ম্যাচ হারেনি। ওরা ভাগ্যের জোরে এখানে আসেনি। আমাদের ওদের সমীহ করতেই হবে এবং
আমরা সেটাই করব।’






