আবাহনীকে হারালেই কিংসের শিরোপা

সংগৃহীত ছবি
বাংলাদেশ ফুটবল লিগের শিরোপার হিসাবটা আজই চুকে যেতে পারে। এক মৌসুম বাদে বসুন্ধরা কিংসের ঘরে উঠতে পারে লিগ শিরোপা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীকে হারালেই শিরোপার রঙে রাঙবে কিংস। জিতে নেবে ষষ্ঠ শিরোপা। অর্থাৎ আবাহনীকে হারালে আবাহনীকেই ছোঁবে কিংস। এখনো যে ছয় শিরোপায় কিংসের ওপরে আবাহনী।
পয়েন্ট তালিকার দিকে তাকালেই বোঝা যাবে লড়াইটা কত জটিল। ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। ১ পয়েন্টে পিছিয়ে আবাহনী। আর ৩১ পয়েন্টে ফর্টিসেরও বেঁচে আছে শিরোপার আশা। তবে কিংস জিতে গেলে মিলে যাবে শিরোপার সমীকরণ।
হিসাব যতটা সহজ, মাঠের চ্যালেঞ্জ ঠিক ততটাই কঠিন কিংসের জন্য। লিগের দ্বিতীয় পর্বে আবাহনীকে থামানোই যাচ্ছে না। সাত ম্যাচের সব কটি জিতে ছয় মৌসুম পর তারা পাচ্ছে শিরোপার সুভাস। মারুফুল হকের দলকে হারানো তাই সহজ হবে না।
অন্যদিকে, কিংসকে হারালে আবাহনী চলে যাবে শীর্ষে। সেক্ষেত্রে শেষ রাউন্ডে আরামবাগকে হারালেই সপ্তম স্বর্গে পৌঁছে যাবে আবাহনী। ম্যাচ ড্র হলে শিরোপা নির্ধারণ হবে শেষ রাউন্ডে। সমতায় কিংসের হবে ৩৬, আবাহনীর ৩৫। ফর্টিসেরও সুযোগ থাকবে। আজ কিংস অ্যারেনায় ব্রাদার্সকে হারালে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩৪।
আবাহনীর কোচ মারুফুল হকের চাওয়া কিংসকে হারিয়ে শিরোপার লড়াইয়ে একধাপ এগিয়ে থাকতে, ‘আমাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।’
আগামীকাল আবাহনীর সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হতে পারেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। লিগে তার সর্বোচ্চ ১৭ গোল। শেষ কয়েক ম্যাচে আছেন দারুণ ছন্দে। প্রতিটি ম্যাচেই পাচ্ছেন প্রতিপক্ষের গোলের দেখা। এটাই আবার কিংসের বড় সমস্যা। দোরিয়েলতন শুধু একাই জ্বলছেন। তাই তাকে থামাতে পারলে আবাহনীর সুযোগ থাকবে ৩ পয়েন্ট পাওয়ার। শেষ সাত ম্যাচের জয়ের অভ্যাসটা এ ম্যাচে থাকলে আকাশিদের শিরোপার পালে লাগবে জোর হাওয়া।




