প্রিমিয়ার লিগ
ফুটবলার লাল কার্ড দেখায় মহাখুশি টটেনহ্যাম কোচ!

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ১-১ গোলে ড্র করার ম্যাচে মিডফিল্ডার রদ্রিগো বেনতানকুর লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও তার ওপর মেটেও রাগ করেননি টটেনহ্যাম হটস্পারের ইতালিয়ান কোচ রবার্তো দে জের্বি। বরং ড্রেসিংরুমে গিয়ে এই উরুগুয়ান তারকাকে চুমু খেয়ে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ১০ জনের দলে পরিণত হওয়ার পরই দলের খেলোয়াড়দের মধ্যে সত্যিকারের চরিত্র দেখতে পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্পার্সদের নতুন এই কোচ।
ওল্ড ট্রাফোর্ডে গতকাল ম্যাচের ৭৮ মিনিটে এক তুমুল হাতাহাতির সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লুক শকে মাথা দিয়ে গুঁতো মেরে সরাসরি লাল কার্ড দেখেন বেনতানকুর। তবে ১০ জন নিয়ে খেলে ম্যাচ শেষের যোগ করা সময়ে (৯২ মিনিট) ডোমিনিক সোলানকের দুর্দান্ত হেডে হারের মুখ থেকে রক্ষা পায় টটেনহ্যাম। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দে জের্বি বলেন, ‘আমি রদ্রিগোকে ড্রেসিংরুমে গিয়ে চুমু খেয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি। লাল কার্ডের ঠিক ওই মুহূর্তটিতে ১০ জন ফুটবলার নিয়ে আমরা আরও বেশি সাহস এবং শক্তি নিয়ে খেলেছি। দীর্ঘদিন ধরে টটেনহ্যাম এমন তেজ বা চরিত্রের অভাব অনুভব করছিল।’
রদ্রিগো বেনতানকুরের আচরণকে ভুল আখ্যা দিলেও এটি দলের দরকার ছিল বলে মন্তব্য করেন ইতালিয়ান কোচ। তিনি আরও যোগ করেন, ‘বেনতানকুরের এটি ভুল ছিল সত্যি, কিন্তু আমাদের এই ধরনের প্রতিক্রিয়ার প্রয়োজন ছিল। ফুটবল মানেই চরিত্র প্রদর্শন করা। আমি লাল কার্ডের সেই পরিস্থিতিটা পছন্দ করেছি। এই মুহূর্তে হার মেনে না নেওয়ার যে মানসিকতা দরকার, দলটি সেটাই দেখিয়েছে।’ ম্যাচে ড্র করলেও প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে প্রথম ছয় ম্যাচের একটিতেও জয় পায়নি টটেনহ্যাম। ৩ পয়েন্ট নিয়ে রিলিগেশন জোনে থাকা দলটি ১৯১২-১৩, ১৯৫৫-৫৬ এবং ২০০৮-০৯ মৌসুমের পর এই নিয়ে চতুর্থবারের মতো লিগের প্রথম ছয় ম্যাচে জয়হীন রইল। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন দে জের্বি।
তিনি বলেন, ‘আজকের ম্যাচেই প্রথম আমরা এই মৌসুমে একটি সত্যিকারের দল হিসেবে খেলেছি। খেলোয়াড়েরা একে অপরের জন্য লড়েছে, একসঙ্গে আক্রমণ ও রক্ষণ সামলেছে। এখন আমাদের মূল লক্ষ্য হলো পুরো দলটাকে এক সূত্রে গাঁথা। আমরা এখনও একটি পূর্ণাঙ্গ দল হয়ে উঠতে পারিনি, তবে এই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে আমরা সামনে এগোতে চাই।’





