জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

ইবরার টিপু
জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার ইবরার টিপু দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা চলছে। এরই মধ্যে কিছুদিন আগে তার ব্রেন সার্জারিও হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি বাসায় ফিরেছেন।
ইবরার টিপুর শারীরিক অবস্থার কথা জানিয়ে গীতিকার কবির বকুল তার ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন। সেখানে তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন ইবরার টিপুকে পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন।
কবির বকুল লিখেছেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচালক ইবরার টিপু খুব অসুস্থ। গত দুই বছর কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন, যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলছে। কিছুদিন আগে তার ব্রেন সার্জারিও হয়েছে। বেশ অনেক দিন হাসপাতালে থাকার পর এখন তিনি বাসায় ফিরেছেন।’
কনসার্টে ফেরার আভাস
১০ অক্টোবর ২০২৬
হাসপাতাল থেকে টিপুকে বাসায় নিয়ে আসার কারণ জানিয়ে তিনি বলেন, ‘তার স্ত্রী বিন্দু কণা জানালেন, হাসপাতাল থেকে অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন টিপুকে। কারণ, সেখানে তার সঠিক চিকিৎসাটা হচ্ছিল না বলেই পরিবার মনে করেছে।’
ইবরার টিপুর সঙ্গে ভিডিও কলে কথা বলার অভিজ্ঞতা তুলে ধরে কবির বকুল লেখেন, ‘একটু আগে ভিডিও কলে আমার সহধর্মিণী দিনাত জাহান মুন্নী কথা বলিয়ে দিলেন টিপুর সঙ্গে। তার সঙ্গে শেষ দেখা হয়েছিল এ বছর রোজার ঈদে। অসুস্থ শরীর নিয়ে তিনি এসেছিলেন আমাদের নিউ ইয়র্কের বাসায়। আজ অনেক দিন পর ইবরার টিপুর সঙ্গে কথা হলো।’
বন্ধুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আবেগাপ্লুত কবির বকুল আরও লেখেন, ‘মানুষটা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। এই অবস্থায়ও চোখে-মুখে সেই পরিচিত মায়া। দূরে আছি, কিছুই করতে পারছি না, ভেতরটা ভেঙে যাচ্ছে।’
ইবরার টিপুর সঙ্গে নিজের দীর্ঘদিনের কাজের স্মৃতিও তুলে ধরেছেন কবির বকুল। তিনি বলেন, “ইবরার টিপু আমাদের অনেক কালজয়ী গান দিয়েছেন। ‘তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না’, কিংবা ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’, কিংবা ‘বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ’।”
নিজের সংগীতজীবনে টিপুর সঙ্গে কাজের অভিজ্ঞতা উল্লেখ করে কবির বকুল লেখেন, ‘আমার সংগীত জীবনে তার সঙ্গে অনেক কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার দেখা একজন মৃদুভাষী, সদাহাস্য সজ্জন মানুষ, হঠাৎ যেন তার পৃথিবী উল্টে গেল।’
শেষে ইবরার টিপুর জন্য সবার কাছে দোয়া চেয়ে কবির বকুল বলেন, ‘সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।’




