মোহনগঞ্জ
উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

সংগৃহীত ছবি
নেত্রকোনার মোহনগঞ্জে পুকুরে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবো মারা যাওয়া দুই শিশু হলো উলুকান্দা গ্রামের আল মামুন মিয়ার মেয়ে জান্নাতুল (৬) ও একই গ্রামের ফারুক মিয়ার মেয়ে মিহি আক্তার (৫ )। তারা দুজনই স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল জান্নাতুল ও মিহি আক্তার। এ সময় পরিবারের সদস্যরা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। শিশু দুটির কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। সেখান থেকে তাদের উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অলক কান্তি তালুকদার বলেন, দুপুর দুইটার দিকে শিশু দুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত পাওয়া যায়।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন আগামীর সময়কে জানিয়েছেন, খবর পেয়ে হাসপাতালে দ্রুত পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।




