বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

সোহানা শারমিন ডালিয়া
ক্যারিয়ারের পর্যায় ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী কীভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সেই দিকগুলো তুলে ধরেছেন অ্যারামেক্স ঢাকা লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা সোহানা শারমিন ডালিয়া
সিদ্ধান্তের আগে
চাকরি বেছে নেওয়ার ক্ষেত্রে বেতন ও শেখার সুযোগ— দুটিই গুরুত্বপূর্ণ। তবে কোনটিকে অগ্রাধিকার দেওয়া দরকার, তা নির্ভর করে ব্যক্তির আর্থিক অবস্থা, ক্যারিয়ারের পর্যায় ও ভবিষ্যৎ লক্ষ্যের ওপর। বেতন একজন কর্মীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে; অন্যদিকে শেখার সুযোগ তার দক্ষতা ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখে। জীবনযাত্রার ব্যয়, পারিবারিক দায়িত্ব ও ভবিষ্যতের আর্থিক পরিকল্পনার কারণে অনেকেই চাকরি পরিবর্তনের সময় বেশি বেতনকে গুরুত্ব দেন। আবার কেউ কেউ দীর্ঘমেয়াদি উন্নতির কথা ভেবে এমন প্রতিষ্ঠান বেছে নেন, যেখানে নতুন দক্ষতা অর্জন ও পদোন্নতির সুযোগ রয়েছে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু বেতনের অঙ্ক নয়; চাকরিটি ভবিষ্যৎ ক্যারিয়ারে কতটা মূল্য যোগ করবে, সেটিও বিবেচনা করা জরুরি।
অভিজ্ঞতার দাম
বিশেষ করে একজন অভিজ্ঞ কর্মীর ক্ষেত্রে তার দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন। অন্যদিকে এমন একজন কর্মী যদি নতুন কোনো প্রতিষ্ঠানে যোগ দেন এবং দ্রুত নতুন বিষয় শিখে নেওয়ার সক্ষমতা রাখেন, তাহলে তুলনামূলকভাবে নতুন কাজের সঙ্গে মানিয়ে নিতে তার খুব বেশি সময় নাও লাগতে পারে। তাই অভিজ্ঞ পেশাজীবীদের ক্ষেত্রে শুধু শেখার সুযোগের জন্য কম বেতনের চাকরি বেছে নেওয়া সবসময় যুক্তিযুক্ত নাও হতে পারে। তাদের অর্জিত দক্ষতা, অভিজ্ঞতা ও বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারিশ্রমিকও গুরুত্বপূর্ণ।
শেখা যখন বিনিয়োগ
যারা সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন এবং কর্মজীবনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বিষয়টি কিছুটা ভিন্ন। ক্যারিয়ারের শুরুর দিকে শেখার সুযোগ ও বাস্তব কাজের অভিজ্ঞতা অনেক সময় বেতনের চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠতে পারে। আমাদের দেশের চাকরির বাজারে নতুন গ্র্যাজুয়েটদের একটি বড় চ্যালেঞ্জ হলো, অনেক চাকরিতেই অভিজ্ঞতা চাওয়া হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকা সত্ত্বেও কর্মজীবনের শুরুতে কাঙ্ক্ষিত চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় কোনো প্রতিষ্ঠানে কাজ শেখার সুযোগ পাওয়া গেলে সেটিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রথম চাকরিতে হয়তো প্রত্যাশিত বেতন মিলবে না; কিন্তু সেই চাকরি আপনাকে এমন কিছু অভিজ্ঞতা দিবে যা ভবিষ্যতে আপনার কাজে আসতে পারে।
শেখার সুযোগ মানেই কম বেতন নয়
শেখার সুযোগের নামে বছরের পর বছর নিজের শ্রমের যথাযথ মূল্য না পাওয়াও গ্রহণযোগ্য নয়। একজন কর্মীকে অবশ্যই নিজের দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন করা শিখতে হবে। শেখার পাশাপাশি নিজের বাজারমূল্য বাড়ানো এবং সময়ের সঙ্গে উপযুক্ত পারিশ্রমিক দাবি করাও ক্যারিয়ার উন্নয়নের অংশ।
অগ্রাধিকারের পালাবদল
বেতন বেশি নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন, সেই সিদ্ধান্ত হতে হবে পরিস্থিতিভেদে। একজন নতুন গ্র্যাজুয়েটের জন্য প্রথমদিকে শেখা, অভিজ্ঞতা অর্জন ও দক্ষতা তৈরি অগ্রাধিকার পেতে পারে। আর একজন অভিজ্ঞ পেশাজীবীর ক্ষেত্রে বেতন, ক্যারিয়ার প্রবৃদ্ধি, দায়িত্ব ও শেখার সুযোগ— সব বিষয়কে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া বেশি ফলপ্রসূ হয়ে থাকে।



