সাক্ষাৎকার নেওয়ার জন্য সাংবাদিকদের ডাকলেন প্রযোজক, ক্ষিপ্ত নায়িকা

নুসরাত ফারিয়া
শুটিং স্পটে সাংবাদিকদের ডেকে নেওয়ার পর সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢাকার দিয়াবাড়ীতে নতুন একটি সিনেমার শুটিংয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রযোজক আব্দুল আজিজ। তবে বিষয়টি নিয়ে অবগত ছিলেন না নুসরাত ফারিয়া। আর এ কারণে ক্ষিপ্ত নায়িকা।
বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সাংবাদিকদের উদ্দেশে একটি বিশেষ অনুরোধ জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, কোনো প্রযোজক, পরিচালক কিংবা প্রোডাকশন হাউস শুটিং চলাকালীন সাংবাদিকদের শুটিং স্পটে আমন্ত্রণ জানালে আগে জেনে নেওয়া উচিত, কী উদ্দেশ্যে তাদের সেখানে ডাকা হচ্ছে।
নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আপনাদের ক্যামেরা, বুম বা সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের প্রচার ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য? নাকি কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলে আপনাদের সেখানে নিয়ে যাওয়া হচ্ছে?’
তিনি আরও বলেন, কোনো শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হলে শুটিং স্পটে যাওয়ার আগে ওই শিল্পীর সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া উচিত, তিনি বিষয়টি সম্পর্কে অবগত কি না। তিনি বলছেন, ‘একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে শিল্পীর সাক্ষাৎকার নেওয়ার কথা বলা হচ্ছে, তার কাছ থেকে আদৌ এ বিষয়ে সম্মতি নেওয়া হয়েছে কি না।’
শুটিং চলাকালে একজন শিল্পী নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকেন বলেও উল্লেখ করেন নুসরাত। তিনি বলেন, কোনো সিনেমা বা নির্দিষ্ট প্রজেক্টের শুটিংয়ে থাকা অবস্থায় কাজের বাইরে সাক্ষাৎকার দেওয়া আলাদা বিষয়। এ জন্য শিল্পীর সম্মতি ও প্রস্তুতি প্রয়োজন।
সাংবাদিকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, কোনো পক্ষের কথা শুনেই পুরো বিষয়টি সত্য বলে ধরে নেওয়া উচিত নয়। তিনি মনে করেন, কোনো ঘটনার পেছনে এমন অনেক বাস্তবতা থাকতে পারে, যা বাইরে থেকে বোঝা যায় না।
নুসরাত ফারিয়া লেখেন, ‘অনেক সময় পর্দার আড়ালের ঘটনাগুলো আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে প্রকৃত সত্যটি আড়ালেই থেকে যায়।’




