গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার
- বিএনপির ফরিদপুর সাংগঠনিক বিভাগীয় বৈঠক
- ফরিদপুর-মাদারীপুর-শরীয়তপুরেও ‘গোপালগঞ্জ নীতি’

গ্রাফিকস: আগামীর সময়
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের সাম্প্রতিক সহিংসতা-তাণ্ডবে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আপাতত মেরামতে যাচ্ছে না সরকার। সেগুলো যেভাবে আছে সেভাবেই রাখা এবং ট্রেন চলাচল বন্ধ রাখার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড ও সরকারি বরাদ্দ আপাতত স্থগিত রাখারও কৌশল নিয়েছে ক্ষমতাসীনরা। তবে প্রযুক্তি ব্যবহার করে সহিংসতায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, সে কার্যক্রম এরই মধ্যে শুরু করেছে প্রশাসন।
সহিংসতার বিপরীতে বল প্রয়োগ না করে গণতান্ত্রিক আচরণ— এই গোপালগঞ্জ নীতি বেশ কার্যকর বলে মনে করছে সরকার। তাই এর পার্শ্ববর্তী ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় সহিংসতার ঝুঁকি থাকলেও একই নীতিতে সামাল দেওয়া হবে পরিস্থিতি। জ্বালাও-পোড়াও করলে এসব জেলায়ও করা হবে না বল প্রয়োগ। ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক আচরণ করে উদ্ভুত যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ফরিদপুর সাংগঠনিক বিভাগের বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং সংসদ সদস্যদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠকে সরকারের এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এসব তথ্য জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, রকিবুল ইসলাম বকুল, সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।
চলতি মাসের শেষদিকে ও ডিসেম্বরে আরও কর্মসূচি রয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ্ণ্ডপ্রাপ্ত দলটির সভানেত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার কর্মসূচি ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে সামনে দলটির কর্মী-সমর্থকরা আরও সহিংসতা করতে পারে বলে শঙ্কা সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির। তাদের আরও শঙ্কা, এমনটা হলে তাতে বেশি আক্রান্ত হতে পারে সরকারি স্থাপনা। এ কারণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর সংস্কারকাজ এখনি শুরু করছে না সরকার।
বিএনপি নেতারা বলছেন, আওয়ামী সন্ত্রাসীরা পুলিশকে আক্রমণ করে জ্বালিয়ে দিয়েছে থানা। ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যালয়, বাসাবাড়ি, সরকারি বিভিন্ন দপ্তরেও হামলা করেছে। তাদের হাত থেকে রক্ষা পায়নি হাসপাতাল ও সাধারণ মানুষের দোকানপাটও। রাস্তার শত শত গাছ কেটেছে, বিভিন্ন সড়ক খুঁড়ে যোগাযোগব্যবস্থা ধ্বংস করেছে। বহু যাত্রীবাহী গণপরিবহনসহ বহু গাড়িতে অগ্নিসংযোগ করেছে। থানাসহ যেসব স্থাপনা জ্বালিয়ে-পুড়িয়ে দেওয়া হয়েছে— সেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি ছিল, যার উপকারভোগী ছিল গোপালগঞ্জেরই মানুষ। সুতরাং এমন অপকর্মের পর নাগরিকসেবা থেকে তাদের বঞ্চিত হওয়াটা স্বাভাবিক। তবে তারা এ-ও বলছেন, এসব পদক্ষেপ সাময়িক। পরিস্থিতি স্বাভাবিক হলে সব সেবাই আবার স্বাভাবিক এবং উন্নয়ন কার্যক্রমও শুরু হবে।
গণমাধ্যমে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে বৈঠকে উপস্থিত বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বললেন, দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর আওয়ামী লীগ অধ্যুষিত। তবে তারা (বিএনপি) বিশ্বাস করে, বিগত জাতীয় নির্বাচনে তাদের (আওয়ামী লীগ) মধ্যে অন্তত ২০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। সুতরাং আগামীতে সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলেও তা দমনে নির্যাতন-নিপীড়নের পথে যাওয়া যাবে না। একটা সময় গিয়ে তারা (আওয়ামী লীগ) তাদের ভুল বুঝতে পারবে, সহিংস কর্মকাণ্ড থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন তারা বিএনপির দিকে ইউটার্ন নিলেও নিতে পারে।
এদিকে বৈঠকে ফরিদপুর সাংগঠনিক বিভাগের নেতাদের বিজয়ের মাস ডিসেম্বর জুড়ে নানা কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে মাঠে থাকার নির্দেশনাও দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।



