ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

স্বামীর সঙ্গে শান্তিনা জাহান সিমি। ছবি: আগামীর সময়
ভালোবাসার টানে সুদূর ফিনল্যান্ড থেকে জামালপুরের সরিষাবাড়ীতে এসেছেন সিমোলা মিকা (৩৮)। ইসলাম ধর্ম গ্রহণ করে নাম রেখেছেন মিকাইল। এরপর বিয়ে করেছেন দৌলতপুর গ্রামের শান্তিনা জাহান সিমিকে (২৮)। শুধু স্ত্রীকেই নয়, তার পাঁচ বছর বয়সী সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন মিকাইল।
ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে। নববধূ শান্তিনা জাহান সিমি ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। তিন বছর আগে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামীর মৃত্যুর পর পাঁচ বছর বয়সী সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফিনল্যান্ডে বসবাসরত সিমির এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তার পরিচয় হয়। পরে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর দুই পরিবারের সম্মতিতে সিমিকে বিয়ে করতে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন মিকা।
বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র সংগ্রহ করেন তিনি। পরে ২ অক্টোবর বাংলাদেশে আসেন মিকা। দেশে আসার দিনই স্বেচ্ছায় খ্রিস্টধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন তিনি। এরপর জামালপুর জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে ‘মিকাইল’ রাখেন। পরে ধর্মীয় বিধান ও প্রচলিত আইন অনুসরণ করে নিবন্ধিত কাজির মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর সিমির সন্তানকেও নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন মিকাইল। নবদম্পতি জানিয়েছেন, তারা সুখে সংসার করছেন। আগামী ১৮ অক্টোবর মিকাইল ফিনল্যান্ডে ফিরে যাবেন। সেখানে গিয়ে সিমি ও তার সন্তানের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে তাদের ফিনল্যান্ডে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
মেয়ের নতুন জীবনের সূচনায় সন্তোষ প্রকাশ করেছেন সিমির বাবা রফিকুল ইসলাম।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, কোনো বিদেশি নাগরিকের এলাকায় এসে বিয়ে করার বিষয়ে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি।




