টাকা চাওয়ার অডিও ফাঁস, ধামরাই ছাত্রদল সভাপতি-সম্পাদককে শোকজ

ধামরাই ছাত্রদল সভাপতি রাফিজুল ইসলাম রবিন
ঢাকার ধামরাইয়ে দলীয় শৃঙ্খলা ভেঙে ইউনিয়ন কমিটি ঘোষণা এবং কমিটি গঠনে টাকাপয়সা চাওয়ার অভিযোগে বিতর্কে পড়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিন। তার দুটি ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ক্ষুব্ধ দুই নেতা।
এর একটি রেকর্ডে কমিটি গঠনে টাকার প্রসঙ্গ এবং অন্যটিতে এক পদবঞ্চিত কর্মীকে হুমকি দেওয়ার কথোপকথন উঠে এসেছে।
এ ঘটনায় রবিন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসানকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
গত ২৮ নভেম্বর ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন রবিন ও জিসান। তবে কমিটি গঠনে সিনিয়র সহসভাপতি আলী ইমামের স্বাক্ষর না থাকায় তা নিয়ে আপত্তি ওঠে। নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী ইউনিয়ন কমিটি গঠনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সিনিয়র সহসভাপতির স্বাক্ষর থাকার কথা।
এর মধ্যেই বালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী সোহানুর রহমান রাফসানের সঙ্গে রবিনের একটি ফোনালাপ প্রকাশ করা হয়। এতে কমিটি গঠনে টাকাপয়সার প্রসঙ্গ তুলতে শোনা যায় রবিনকে।
একপর্যায়ে তিনি বলেন, ‘আমি যে অপশন বলি, সিস্টেমে দিপুরে সিনিয়র সভাপতি বা সাংগঠনিক সম্পাদক বানাইয়া আদিত্য আর জিসানরে টেকা পয়সা খাওয়াইয়া কইরা ফালাই। পারবা না?’
কথোপকথনে তিনি আরও বলেন, ‘তোমার বয়সও কম আছে। এই সেক্রেটারি হইলে বা সভাপতি হইলেও এখান থেকে উপজেলায় ঢুকতে পারবা, আবার নেক্সট টাইম একটা প্রার্থী হইতে পারবা।’
রাফসান আগামীর সময়কে বলেন, ‘প্রায় দেড়-দুই মাস আগে ইউনিয়ন কমিটি গঠনের আলোচনা শুরু হলে রবিন তাকে ফোন করেন। তখন সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী বাছাইয়ের বিষয়ে কথা হয়। একপর্যায়ে রবিন তার কাছে টাকাপয়সার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, ‘উনি (রবিন) আমাকে টাকাপয়সার কথা বলে। তবে লেনদেন হয়নি। আমি সেটি রেকর্ড করে রাখছি।’
রাফসানের দাবি, সুতিপাড়া ইউনিয়নের কমিটি ঘোষণার পর নিয়ম না মেনে নিজের ইউনিয়নেও একইভাবে কমিটি দেওয়ার আশঙ্কা থেকে তিনি ফোনালাপটি সিনিয়র নেতাদের কাছে পাঠান।
ফোনালাপে নিজের নাম আসার বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ ই-রাব্বি জিসান বলেন, ‘আমি রেকর্ডটি শুনেছি। আমাকে টাকা দিতে হবে এমনটিও শুনেছি। আমি কিছু জানি না। যে বলেছে, সেই বলতে পারবে। ধামরাইয়ের বাসিন্দারা জানেন, আমি কোনো টাকা পয়সার বিষয়ে নেই।’
অন্যদিকে রবিন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফোনালাপ সম্পাদনা করে ছড়ানো হয়ে থাকতে পারে। তার ভাষ্য, আমার বিরুদ্ধে এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। মিথ্যা অপবাদ দিচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। আমার এরকম কারও সঙ্গে কথা হয়নি।’
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে সিনিয়র নেতাদের জানিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেবেন।
সুতিপাড়া ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে রবিনের দাবি, সিনিয়র সহসভাপতি আলী ইমাম সাংগঠনিক কর্মসূচিতে উপস্থিত থাকেন না। এ কারণে সিনিয়রদের জানিয়ে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আপাতত কমিটি স্থগিত করা হয়েছে।
এ ঘটনায় গত ২৮ নভেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিসে রবিন ও জিসানকে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়েছে। সিনিয়র সহসভাপতির স্বাক্ষরও নেওয়া হয়নি। প্রকাশিত ফোনালাপের বিষয়ে তিনি বলেন, ‘এই ধরনের অনৈতিক কথায় তো ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা এই বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেব।
কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সাংগঠনিক বিচ্যুতির বিষয়ে তাদের ডাকা হয়েছে। জবাব শোনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া চলতি সপ্তাহে ধামরাই উপজেলা ছাত্রদলের পদপ্রত্যাশী মো. সজীব হোসেনের সঙ্গে রবিনের একটি পুরনো ফোনালাপ প্রকাশিত হয়। এতে সজীবকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার মা-বাবাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়। সজীবের দাবি, কমিটি গঠনের পর প্রতিবাদ করায় রবিন তাকে হুমকি দিয়েছিলেন। তবে ওই ফোনালাপের বিষয়টিও অস্বীকার করেছেন রবিন।




