জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

ছবি: আগামীর সময়
কুমিল্লার তিতাসে পুলিশের হাতে আটক এক ব্যক্তিকে জামায়াতে ইসলামীর কর্মী দাবি করে তাকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোলের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, আটক গিয়াস উদ্দিন সরকার নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কর্মী। তবে জামায়াতের নেতারা তাকে নিজেদের দলের কর্মী বলে দাবি করেছেন।
আজ শনিবার বিকাল ৫টার দিকে তিতাস থানায় এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তিতাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের বাসিন্দা মো. গিয়াস উদ্দিন সরকারকে আটক করে থানায় নেওয়া হয়।
শনিবার বিকালে গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেয় পুলিশ। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে তাকে নিজেদের দলের কর্মী দাবি করেন। একপর্যায়ে তারা পুলিশের গাড়ি আটকে দেন এবং দলীয় স্লোগান দেন। এ সময় আটক ব্যক্তির স্বজনদেরও তাকে নির্দোষ দাবি করে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জামায়াতের বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে আটক ব্যক্তিকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তাদেরও পাল্টা স্লোগান দিতে দেখা যায়।
তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামীম সরকার বিজ্ঞ বলেন, শুক্রবার বিকালে বলরামপুর ইউনিয়নে তাদের একটি সভা ছিল। সভা শেষে মাগরিবের নামাজের পর ছদ্মবেশে পুলিশ গিয়ে তাদের এক কর্মীকে ধরে নিয়ে যায়। আটক গিয়াস উদ্দিন বলরামপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, খবর পেয়ে রাতেই থানায় গিয়ে ওসিকে বিষয়টি জানানো হয়। গিয়াস উদ্দিন জামায়াতের কর্মী—এসংক্রান্ত প্রমাণও পুলিশের কাছে দেওয়া হয়। তখন ওসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সকালে যোগাযোগ করতে বলেন। কিন্তু তাদের কিছু না জানিয়েই গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানোর জন্য পুলিশের গাড়িতে তোলা হয়।
থানায় হট্টগোলের বিষয়ে জানতে চাইলে শামীম সরকার বিজ্ঞ বলেন, ‘আমরা কোনো হট্টগোল করিনি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা ছিলেন। তারাই হট্টগোল করার চেষ্টা করেছেন।’
তিতাস থানার ওসি মমিরুল হক বলেন, তিতাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের নেতা গিয়াস উদ্দিন সরকার জড়িত রয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, রাতে জামায়াতে ইসলামীর নেতারা গিয়াস উদ্দিনকে তাদের দলের কর্মী বলে দাবি করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। শনিবার বিকালে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে আদালতে পাঠানোর সময় স্বজন ও জামায়াতের নেতাকর্মীরা বাধা দেন। পরে পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তাদের সরিয়ে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।




