চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ
- ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: ভিডিও থেকে নেওয়া
চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে পুলিশ রাতভর অভিযান চালিয়েছে। অভিযানের সময় নিষিদ্ধ যুবলীগের এক কর্মীর বাসার সামনে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগ উঠেছে।
গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার বেলা ১২টা পর্যন্ত টানা অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা নাশকতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে হওয়া বিভিন্ন মামলার আসামি বলে জানিয়েছেন নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার মধ্যম শহীদনগর এলাকায় যুবলীগ কর্মী আমিনুল করিম ও হাসানুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। বায়েজিদ বোস্তামি থানার ওসি জসিম উদ্দিন আগামীর সময়কে জানালেন, সন্ধ্যায় শহীদনগর ও রউফাবাদ এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এসময় ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করা হয়।
দুই মিছিলের নেতৃত্বে যুবলীগ কর্মী হাসানুল ও আমিনুল থাকার তথ্য পেয়ে পুলিশ তাদের বাসায় অভিযান চালায়। তবে এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি বলে জানালেন ওসি।
হাসানুলের পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ, ওসি জসীমের নেতৃত্বে দুজনের বাড়িতে অভিযান চালানো হয়। হাসানুলের বাসার সামনে পুলিশের উপস্থিতিতে দুই রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর আমিনুলের বাড়িতে অভিযান চালানো হয়। যদিও সেখানে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি।
ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণা হওয়া অভিযানের দুটি দৃশ্য নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে গুলিবর্ষণের শব্দ শোনা গেছে। যদিও ওসি জসীম উদ্দিন বললেন, ‘নিষিদ্ধ দলের লোকজন ভুয়া ভিডিও ছড়াচ্ছে। অভিযানে গুলিবর্ষণের কোনো ঘটনা ঘটেনি।’



