বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

সংগৃহীত ছবি
রাজশাহীর দুর্গাপুরে বিএনপির একটি আলোচনা সভায় বিশেষ অতিথিদের জন্য নির্ধারিত চেয়ারে বসে থাকতে দেখা গেছে থানার এক এসআই রেজাউল করিমকে।
একজন পুলিশ কর্মকর্তার বিএনপির সভায় অতিথির চেয়ারে বসা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ ঘটনায় পুলিশের পেশাগত নিরপেক্ষতা এবং দায়িত্ব পালনের সীমারেখা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
স্থানীয়রা জানিয়েছেন, আজ শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার তেবিলা উচ্চ বিদ্যালয় মাঠে পানানগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আগামী স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পানানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক পৌর মেয়র সাইদুর রহমান মন্টু।
অনুষ্ঠানে প্রধান নির্বাচনী সমন্বয়ক হিসেবে উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জুবায়েদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সমন্বয়ক হিসেবে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডল উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানালেন, সভা চলাকালে এসআই রেজাউল করিমকে মঞ্চে বিশেষ অতিথিদের জন্য রাখা নির্ধারিত সারিতে সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মণ্ডলের পাশে বসে থাকতে দেখা যায়। মঞ্চের সামনের সারিতে তখন বিএনপির নেতাকর্মীরাও অবস্থান করছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেছেন, অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা আমন্ত্রিত অতিথি ছিলেন না। ওই কর্মকর্তা বিশেষ অতিথির চেয়ারে বসেছিলেন কি না, তা আমার জানা নেই। বিষয়টি খেয়াল করিনি।
জানতে চাইলে এসআই রেজাউল করিম বললেন, সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলাম। বিশেষ অতিথির চেয়ারটি ফাঁকা থাকায় অল্প সময়ের জন্য সেখানে বসেছিলাম।
দুর্গাপুর থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেছেন, এসআই রেজাউল করিম ওই অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক অনুষ্ঠানে পুলিশের কোনো কর্মকর্তা বিশেষ অতিথির আসনে বসতে পারেন কি না, সে বিষয়ে আমার জানা নেই।
এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেছেন, পুলিশ সদস্যরা সংসদ সদস্যের প্রটোকলের দায়িত্ব পালন করতে পারেন। তবে কোনো রাজনৈতিক দলের মঞ্চে বিশেষ অতিথির চেয়ারে বসার সুযোগ নেই। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানার ওসির সঙ্গে কথা বলেছি।



