বন্দি থেকে কফিনবন্দি ছেলেকে বিদায়
এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

শারমিন সুলতানা শর্মি। ফাইল ছবি
যে মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে শারমিন সুলতানা শর্মি, তার এজাহারে ছিল না তার নাম। বিচারিক আদালতে বারবার প্রত্যাখ্যাত হয় তার জামিনের আবেদন। তাই বন্দি থেকেই নিজের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলেকে শেষ দেখা দেখতে হলো তাকে।
১৫ বছর বয়সী ছেলে নিসর্গ হোসেন তূর্যকে কারাগারে থেকে যুব মহিলা লীগের এই নেত্রীর শেষ বিদায় জানানোর ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে আলোচিত। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর এই মাকে কি জামিন দেওয়া যেত না, কিংবা ছেলের মৃত্যুর পর প্যারোলেও কি মুক্তি দেওয়া যেত না?
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, জামিনঅযোগ্য ধারায় অভিযোগ আনা হয়েছে শারমিন সুলতানার বিরুদ্ধে, যা তার জামিন পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা তৈরি করে দেয়।
তবে বিপরীত মতও রয়েছে। আইনজীবীদের মধ্যেই কেউ কেউ বলছেন, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারার অধীনে বিবেচনা করে শারমিন সুলতানাকে জামিন দিতে পারতেন আদালত।
ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী শারমিন সুলতানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সহযোগী সংগঠন যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মতো এই দলের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রমও রয়েছে নিষিদ্ধ। এর মধ্যে ছাত্রলীগ পুরোপুরি নিষিদ্ধ।
নিষেধাজ্ঞার মধ্যেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে ক্ষমতাসীন বিএনপি নেতাদের অভিযোগ। সংগঠনগুলোর বিভিন্ন নেতা-কর্মী গ্রেপ্তারও হচ্ছেন নিয়মিত।
গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করছে পুলিশ। এমনই এক মামলায় গত ৩ অক্টোবর রাতে পুরান ঢাকার লালবাগের শেখ সাহেব বাজার এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় শারমিন সুলতানাকে। তিনি তখন অভিযোগ করেছিলেন, মব করে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল তাকে।
শারমিনের স্বামী শাহাদাৎ হোসেন নিপু একজন সংস্কৃতিকর্মী। বাংলা একাডেমির কর্মকর্তা ছিলেন তিনি, সম্প্রতি অবসরে যান। তাদের দুই সন্তানের একজন ছিলেন তূর্য। গতকাল শুক্রবার নিজের বাসায় মারা যায় সে। পরিবারের সদস্যরা বলছেন, মা কাছে না থাকায় মানসিক যন্ত্রণায় ছিল শিশুটি, এর মধ্যে স্ট্রোকে মৃত্যু হয় তার।
এজাহারে ছিল না নাম
শারমিনকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলাটি গত ১৩ জুলাই দায়ের হয়েছিল লালবাগ থানায়। থানার উপপরিদর্শক নাজমুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন।
এর এজাহারে আসামির তালিকায় নাম ছিল লালবাগ থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মতিয়ার রহমান জামাল, লালবাগ থানা ছাত্রলীগের (নিষিদ্ধ) সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, ছাত্রলীগ নেতা মেরাজ উদ্দিন সৌহরাত, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুন্না মামুন, কাজী ইউনুস, লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল, লালবাগ থানা ছাত্রলীগের সহসভাপতি আহম্মেদ রিংকু, যুবলীগ নেতা মনিরুজ্জামান তালুকদার ও সুলতান আহমেদ বিপুলের।
শারমিন সুলতানার নাম এই এজাহারে আসামির তালিকায় ছিল না।
মামলার বিবরণে যা বলা হয়, গত ১০ জুলাই ভোর ৫টার পর শেখ সাহেব বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা কতিপয় সদস্য/ আসামিরা মুখে মাস্ক পরে ছাত্রলীগের ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন সব স্লোগান দেন। পুলিশ গেলে তারা পালিয়ে যান।
এজাহারে বলা হয়, পরবর্তী সময়ে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্যাদি এবং সিসি ক্যামেরার ভিডিও অনুসন্ধানে জানা যায়, মতিয়ার রহমান জামালের নির্দেশে অন্য আসামিরা মুখে মাস্ক পড়ে ঝটিকা মিছিল করেছে।
শারমিনের নামে কোনো মামলা ছিল না বলে দাবি করেন তার স্বামী শাহদাৎ হোসেন নিপু। তিনি আজ সন্তানের মরদেহ স্ত্রীকে দেখিয়ে আসার পর বলেন, ষড়যন্ত্র করে শারমিনকে আটক করার পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে।
মামলার আড়াই মাস পর গ্রেপ্তার
গত ৩ অক্টোবর পুলিশ শারমিন সুলতানাকে গ্রেপ্তারের সময় বলেছিল, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে শারমিনের জড়িত থাকার সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।
রাত দেড়টার দিকে পুলিশ গ্রেপ্তার করে শারমিনকে। পরদিন তাকে ঢাকার আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম। সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
ওই আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছিলেন, আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। আসামি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা প্লাটফর্মে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আবেদনে বলা হয়েছিল, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলাটি সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা একান্ত প্রয়োজন।
সেই আবেদনে সায় দেন ঢাকার মহানগর হাকিম আদালত। এরপর শারমিনকে নেওয়া হয় গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় মহিলা কারাগারে।
সেদিন আদালত চত্বরে কাঁদতে কাঁদতে শারমিন বলেছিলেন, ‘আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা–বাবা ছাড়া দেখার কেউ নেই।’
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন তিনি; বলেছিলেন, ‘আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।’
তূর্যের মরদেহ নিয়ে কারাগারে
যাওয়া শারমিনের ছোট বোন শাম্মী সুলতানা সাংবাদিকদের বলেছেন, ‘আমার বোন ২০২২ সাল থেকে
রাজনীতি করে না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’
কারাগার থেকেই বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী
২৮ নভেম্বর ২০২৬
বারবার জামিন নাকচ
গ্রেপ্তারের পর গত ৪ অক্টোবর শারমিনকে আদালতে হাজির করা হয়। সেদিন তার পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। তবে তা নাকচ করে দেন ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান।
আদেশে বিচারক উল্লেখ করেন, আসামিপক্ষের আইনজীবী তার জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ আসামির জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের বক্তব্য শুনলাম। নথি ও দরখাস্ত পর্যালোচনা করলাম। আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার অভিযোগ। জামিনঅযোগ্য ধারা। মামলার তদন্ত চলমান। জামিনের আবেদন নামঞ্জুর।
এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন শারমিন সুলতানা।
আবেদনে তিনি বলেছিলেন, তিনি নির্দোষ। মামলাটি মিথ্যা, এজাহারে তার নাম ছিল না। শত্রুতার কারণে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিন আবেদনের বিরোধিতা করে সেদিন শুনানিতে বলেন, আসামি একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্য। তিনি অন্য আসামিদের সঙ্গে মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। তার বিরুদ্ধে সরকার উৎখাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশের ফরোয়ার্ডিং থেকে জানা যায় যে, তিনি যুব মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মামলাটি তদন্তাধীন রয়েছে।
হাকিম আদালতের মতো জজ আদালতও শারমিনের জামিন আবেদন নাকচ করে।
শারমিনের ছোট বোন শাম্মী সুলতানা
ক্ষোভ প্রকাশ করে বলছিলেন, ‘এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমার বোনের অভাবে
তার সন্তান মারা গেল। মাত্র ৫ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষ বার দেখতে।’
জামিনের পথে আইনের বাধা
শারমিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারার অভিযোগ আনা হয়। এ আইনের অধীন সব অপরাধই আমলযোগ্য ও জামিনঅযোগ্য হিসেবে গণ্য হয়।
আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন আগামীর সময়কে বলেন, শারমিনের জামিনের শুনানিতে তারা এজাহারে তার নাম না থাকার পাশাপাশি বলেছিলেন, কোনো আসামি তার সম্পর্কে কিছু বলেনি এবং তার কাছ থেকে কোনো কিছু উদ্ধারও হয়নি।
মানবিক বিবেচনায় একাধিকবার জামিন চেয়েছিলে জানিয়ে তিনি বলেন, শারমিনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুটিও আদালতে উপস্থিত হয়েছিল।
বিষয়টি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আগামীর সময়কে বলেন, ‘আমরা জামিনে আপত্তি জানিয়ে আইনি বিষয় ও আসামির বিরুদ্ধে আনা অভিযোগ তুলে ধরি। এখানে রাজনৈতিক ব্যক্তি বা সাধারণ কেউ তা বিবেচ্য নয়।’
শুনানিতে আইন অনুযায়ী সবকিছু তুলে ধরা হয় জানিয়ে তিনি বলেন, বিচারক মামলার গুণাগুণ, অপরাধের মাত্রা বিবেচনা করে আদেশ দেন। সেক্ষেত্রে জামিন দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তবে জামিন না দিলে উচ্চ আদালতে বা অন্য আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
শারমিন সুলতার ক্ষেত্রে আদালত ভিন্ন বিবেচনা পেতে পারত বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।
তিনি আগামীর সময়কে বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৯৭(১) ধারায় নারী আসামির জামিনের ক্ষেত্রে সুস্পষ্ট বিশেষ বিধান রয়েছে। এটি নিছক মানবিক অনুকম্পা নয়, বরং একটি আইনস্বীকৃত বিশেষ বিবেচনা।
‘সংশ্লিষ্ট নারী এজাহারনামীয় আসামি নন, উপরন্তু তিনি একজন প্রতিবন্ধী শিশুর মা। ফলে তার জামিন বিবেচনায় সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে সুরক্ষিত আইনগত সুরক্ষা ও ব্যক্তিস্বাধীনতার অধিকার বিশেষভাবে প্রাসঙ্গিক,’ বলেন তিনি।
ইশরাতের মত, শারমিনের বিরুদ্ধে অপরাধে সম্পৃক্ততার শক্তিশালী প্রাথমিক প্রমাণ কিংবা জামিন নামঞ্জুরের সুনির্দিষ্ট আইনগত কারণ না থাকলে তাকে নারী ও প্রতিবন্ধী শিশুর মা বিবেচনায় জামিন দেওয়া উচিত ছিল।
‘যেহেতু ফৌজদারি বিচারব্যবস্থার অন্যতম মৌলিক নীতি হলো, অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন আসামিকে নির্দোষ হিসেবে গণ্য করা। বিচারপূর্ব আটক কোনোভাবেই আগাম শাস্তিতে পরিণত হতে পারে না। একজন মায়ের বিরুদ্ধে আনীত অভিযোগের দায় তার নিরপরাধ প্রতিবন্ধী শিশুর ওপর চাপিয়ে দেওয়া ন্যায়বিচার, মানবাধিকার ও শিশুর সর্বোত্তম স্বার্থের পরিপন্থী,’ বলেন তিনি।
প্যারোলে মুক্তি কেন হলো না?
কোনো বন্দিকে সরকার বিশেষ কারণে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য মুক্তি দিতে পারে, যাকে প্যারোল বলা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিমালা অনুসারে, প্যারোলে মুক্তির সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেট।
স্বজনের মৃত্যুর কারণে বিভিন্ন সময় বিভিন্ন বন্দি প্যারোলে মুক্তি পেয়েছেন। সাবেক মন্ত্রী দীপু মনিও সম্প্রতি প্যারোলে মুক্তি পেয়ে প্রয়াত স্বামীকে শেষবার দেখে এসেছিলেন।
ছেলের মৃত্যুতে শারমিন সুলতানা প্যারোলে মুক্তি কেন পেলেন না, সেই প্রশ্ন তুলেছেন অনেকেই।
তার আইনজীবী মোরশেদ হোসেন শাহিনের দাবি, তারা প্যারোল চেয়ে আবেদন করেছিলেন, তবে তা অনুমোদিত হয়নি।
‘সন্তানের মৃত্যুর পর মাকে প্যারোলে মুক্তির জন্য জেল সুপারের কাছে আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। পরে মরদেহ কাশিমপুর কারাগারে নিয়ে মাকে দেখানোর ব্যবস্থা করা হয়,’ বলছিলেন তিনি।
তবে প্যারোলে মুক্তির কোনো আবেদন পাননি বলে দাবি করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ‘জেলগেটে মরদেহ দেখানোর জন্য মৌখিকভাবে আবেদন করা হয়েছিল। মানবিক দিক বিবেচনা করে চোখের দেখা দেখানো হয়েছে।’
শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেনের কথায়ও এই কথার সায় পাওয়া যায়।
তিনি আগামীর সময়কে বলেন, প্যারোলে মুক্তির প্রক্রিয়াটা সময়সাপেক্ষ। ডিসি বরাবর আবেদন করা, তারপর অনুমতি দিলেও নানা রকম জটিলতাও আছে। সাপ্তাহিক ছুটির কারণে ডিসি অফিসও বন্ধ।
‘এজন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন,’ বলেন তিনি।







