প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

ছবি: আগামীর সময়
প্রিপেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ চার দফা দাবিতে আগামী সোমবার রংপুর মহানগরে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি।
হরতাল সফল করতে এরই মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, অফিস-আদালত, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠানে লিফলেট বিতরণ, পথসভা, পোস্টারিং ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়েছে সংগঠনটি।
প্রিপেইড মিটার বাতিলসহ চার দফা দাবিতে দীর্ঘদিনের আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ।
তিনি বলেন, ‘এই হরতাল কোনো গোষ্ঠী, শ্রেণি কিংবা দলের স্বার্থে নয়; বরং আপামর বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে। মহানগর নাগরিক কমিটি বিভিন্ন শ্রেণি-পেশা ও চিন্তার মানুষের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক সংগঠন। পেশিশক্তি কিংবা জবরদস্তি নয়, জনগণের নৈতিক সমর্থন ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে আমরা হরতাল সফল করতে চাই।’
তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান ও নির্বাচন-পরবর্তী সময়ে দেশের ইতিহাসে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে জনগণের নিজস্ব দাবিতে এটিই প্রথম হরতাল হতে যাচ্ছে।
পলাশ কান্তি নাগের অভিযোগ, বিদ্যুৎ মুনাফার পণ্য নয়, এটি জনগণের অধিকার। বিদ্যুৎ বিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান হলেও সেখানে নাগরিক সেবার পাশাপাশি ন্যূনতম জবাবদিহিরও অভাব রয়েছে। জনমত উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থে জোরপূর্বক প্রিপেইড মিটার প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। অথচ জনগণ এই মিটার চায় না। পোস্টপেইড মিটারের তুলনায় প্রিপেইড মিটারে গ্রাহকদের দ্বিগুণ থেকে তিন গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। ফলে এটি গ্রাহকদের অতিরিক্ত ব্যয় ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, প্রিপেইড মিটার প্রকল্পটি তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হলেও এখনো তা বহাল রয়েছে। বর্তমান সরকারও আগের সরকারের মতো দুর্নীতিবাজ ও লুটেরাদের স্বার্থ রক্ষা করছে। তা না হলে সারা দেশের কোটি কোটি বিদ্যুৎ গ্রাহকের সমস্যাগুলো আমলে নেওয়া হচ্ছে না কেন?
এ সময় বিদ্যুৎ গ্রাহকদের ন্যায্য দাবির পক্ষে দল-মত-নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
গত ১৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে ৩০ নভেম্বর সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ঘোষণা দেয় রংপুর মহানগর নাগরিক কমিটি। হরতালের পাশাপাশি তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ এবং এ খাতের বেসরকারীকরণের তৎপরতা বন্ধ করা।




