ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

কাখানায় ঢুকছেন পোশাকশ্রমিকরা
ন্যূনতম মজুরির দাবিতে টানা শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ ও সংঘর্ষের পর শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার ৯৭ শতাংশ তৈরি পোশাককারখানায় কর্মচাঞ্চল্য ফিরেছে। মজুরি বোর্ডের সিদ্ধান্ত মেনে অধিকাংশ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ ছাড়া দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের হেমায়েতপুর, উলাইল, পল্লীবিদ্যুৎ, বাইপাইল ও ডিইপিজেড এলাকার কারখানাগুলোয় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলতে দেখা গেছে।
শিল্পপুলিশের তথ্য অনুযায়ী, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ৭৩৬টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪৭০টি কারখানা তৈরি পোশাক রপ্তানি করে। শ্রমিক আন্দোলনের কারণে কয়েক দিন উৎপাদন ব্যাহত হলেও শনিবার অধিকাংশ কারখানায় উৎপাদন স্বাভাবিক হয়েছে। তবে ১২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে বন্ধ রয়েছে। এ ছাড়া গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস ও সিনহা ট্রেন্ডি নিটওয়্যার নামের দুটি কারখানায় সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিম্নতম মজুরি বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন। তবে কয়েক বছর ধরে একই কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন গ্রেড ও শতাংশের ভিত্তিতে সমন্বয়ের দাবি জানিয়েছেন তারা। বিশেষ করে যেসব শ্রমিকের বর্তমান বেতন ঘোষিত ন্যূনতম মজুরির কাছাকাছি, তাদের বেতনও আনুপাতিক হারে বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
শেফালি নামের এক পোশাকশ্রমিক বলেন, ‘ঘোষিত ন্যূনতম মজুরি আমরা সবাই মেনে নিয়েছি। টানা আন্দোলনের কারণে কারখানাগুলোয় উৎপাদন বন্ধ ছিল। সেই ক্ষতি পুষিয়ে নিতে আমরা এখন উৎপাদন বাড়ানোর চেষ্টা করব।’
আমিনুল ইসলাম নামের আরেক শ্রমিক সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মালিকপক্ষ সুষ্ঠুভাবে সবার মজুরি শতাংশ হারে বৃদ্ধি করলে শ্রমিকরা প্রকৃত অর্থে লাভবান হবেন।’ এ সময় নিত্যপণ্যের বাজার ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাড়িভাড়া না বাড়ানোরও অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘চাকরির ঝুঁকি ও কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় শ্রমিকরা অনেকটা বাধ্য হয়েই এই মজুরি মেনে নিচ্ছেন। তবে দীর্ঘদিন ধরে কর্মরত পুরনো শ্রমিকদের বেতন কারখানা কর্তৃপক্ষকে অবশ্যই আনুপাতিক হারে সমন্বয় করতে হবে।’
আল-মুসলিম গ্রুপের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) আবু রায়হান বলেন, ‘আমাদের তিনটি কারখানায় প্রায় ২৫ হাজার শ্রমিক রয়েছেন। নিম্নতম মজুরি বোর্ডের নির্ধারিত মজুরি আমরা মেনে নিয়েছি। শ্রমিকরাও এতে সন্তুষ্ট এবং তারা শান্তিপূর্ণভাবে কাজ করছেন।’
আশুলিয়া শিল্পাঞ্চল-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রম আইনের ১৩(১) ধারায় ১২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে এবং দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।




