শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে বের করে দেওয়া হয়েছে: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাননি, তাকে অন্য দেশে পৌঁছে দেওয়া হয়েছে।
আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে তিনি এ কথা বলেছেন।
কাদের সিদ্দিকী বলেছেন, আমাদের পতিত সরকার তিনিও যদি ভোটকে সম্মান করতেন, তাহলে তাকে পালিয়ে বেড়াতে হতো না। যদিও এখানে আমার দ্বিমত আছে। শেখ হাসিনা পালিয়ে যান নাই। তাকে পৌঁছে দেওয়া হয়েছে অন্য একটা দেশে।
নির্বাচনে মনোনয়নপত্রের জামানত কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জামানতের পরিমাণ অনেক বেশি। এটি এক হাজার টাকা হলেও কোনো ক্ষতি হতো না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে বিবেচনা করার অনুরোধ জানান তিনি।
নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার চেয়ে মানবিক গুণাবলি, নৈতিকতা ও জ্ঞানকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই একজন মানুষ জ্ঞানী বা ভালো মানুষ হন না। গ্রামের স্বল্পশিক্ষিত কিংবা অশিক্ষিত মানুষের মধ্যেও ভালো জ্ঞান, নীতি ও আদর্শ থাকতে পারে।
তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে শিক্ষাকে, এই কলেজ-স্কুলের শিক্ষাটাকে প্রাধান্য দেবেন না। মানবিক শিক্ষা, মানবিক গুণাবলি, এটাকে প্রাধান্য দিয়ে শিক্ষিতের যে নাগরিক অধিকার আর যিনি গ্রামে বাস করেন, লেখা-পড়া করেন নাই, তার নাগরিক অধিকার আলাদা হবে এটা কিন্তু নয়। অধিকার তার সমানই থাকবে।
নির্বাচন কমিশনের স্বাধীনতা ও দৃঢ়তার প্রসঙ্গ তুলে ধরে ১৯৯৯ সালের একটি উপনির্বাচনের উদাহরণ দেন তিনি। নির্বাচনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব বিস্তার করেছিলেন বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী। সে সময় প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা ভোটের ফল ঘোষণা করেননি এবং দীর্ঘদিন বিষয়টি ঝুলে ছিল বলে উল্লেখ করেন তিনি।
এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচন কমিশন, কমিশনের মেরুদণ্ড শক্ত হওয়া দরকার।
ভোটের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, বাক্সে ভোটের ফল যা হয়, ঘোষণার ফল অনেক ক্ষেত্রে অন্যরকম হয়। বিষয়টি নির্বাচন কমিশনকে বিবেচনা করার আহ্বান জানান তিনি।
১৯৭০ সালের নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, পাকিস্তানিরা নির্বাচনী রায় মেনে নিলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। তাদের নির্বাচনী রায় মেনে না নেওয়ার কারণেই বাঙালিকে স্বাধীনতার পথে এগোতে হয়েছিল। তার মতে, বাংলাদেশের জন্ম হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে। তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা জরুরি।
নির্বাচন কমিশনের প্রশংসা করে তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার চা-বাগানের নির্বাচন নিয়ে গর্ব ও আশাবাদ প্রকাশ করেছেন, যা তার ভালো লেগেছে।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কাদের সিদ্দিকী বলেন, ছোটবেলা থেকে রিকশাশ্রমিকদের নির্বাচন দেখে আসছেন। জাতীয় নির্বাচনের চেয়ে রিকশাশ্রমিকদের নির্বাচন বেশি স্বচ্ছ, নিরপেক্ষ ও সুন্দর হয়। সেখানে ভোট চুরি কিংবা অন্যের ভোট জালিয়াতি করে নেওয়ার ঘটনা ঘটে না।
তিনি বলেন, বাংলাদেশের যদি একটা সঠিক নির্বাচন হয় তাহলে বাংলাদেশে যে সমস্যা আছে তার অর্ধেক সমস্যা আপনা আপনি দূর হয়ে যাবে বলে আমার আন্তরিক বিশ্বাস।
নির্বাচনে প্রার্থীদের ব্যয় কমানোর বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, টাকা দিয়ে সিডি কিনে ভোটার তালিকা প্রিন্ট করা প্রার্থীদের জন্য কষ্টকর। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল প্রার্থীদের এ ব্যয় বহন করতে সমস্যা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের ভোটার তালিকা সরবরাহের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সম্পদ চুরির মামলা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, স্ত্রীর নামে স্বামীর চুরির মামলা দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। তার মতে, স্ত্রী-স্বামীর সম্পদের দেখাশোনার দায়িত্বে থাকেন। হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশাকে চুরির মামলায় গ্রেপ্তারের সময়ও তিনি এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগের দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, অভিযোগ জানিয়ে অনেক সময় কোনো সাড়া পাওয়া যায় না। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালে তার প্রতিকার পাওয়া নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কমিশনের সঙ্গে যোগাযোগ করে সাড়া পেলে অনেক সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করেন তিনি।




