যুবদল নেতাকে কোপানোর অভিযোগ যুবলীগের বিরুদ্ধে

যুবদল নেতা আবু বকর রানা
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবু বকর রানার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে যুবদল নেতার ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে পূর্বধলায় উত্তেজনা দেখা দেয়। তবে হামলার কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সন্ত্রাসী বাহিনী আমাদের যুবদল নেতা আবু বকর রানার ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
পূর্বধলা থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যুবদল নেতার ওপর অতর্কিত হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



