ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

সংগৃহীত ছবি
নাটোর রেলস্টেশনে ব্যাগ হারিয়ে কান্নায় ভেঙে পড়া সেই জার্মান পর্যটক কিরিল ল্যান্ডার উইবারকে ল্যাপটপ উপহার দিয়েছেন ঢাকার জিগাতলার বাসিন্দা মুক্তি মাহমুদ। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কিরিলের সঙ্গে দেখা করে জার্মান তরুণকে ল্যাপটপটি উপহার দেন তিনি। আনজুমান ডিজাইনার্স লিমিটেডের সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত মুক্তি মাহমুদ।
এ বিষয়ে গণমাধ্যমকে মুক্তি মাহমুদ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে কিরিলের ব্যাগ চুরির খবরটি দেখেছেন তিনি। ব্যাগে ল্যাপটপ ও ক্যামেরাসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। ব্যাগ হারিয়ে কিরিলের কান্না তাকে ব্যথিত করেছে। জার্মান এ পর্যটক তার ছেলের বয়সী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাগটি উদ্ধারের চেষ্টা করছে। এর মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে তাকে উপহার দেওয়ার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এমন চিন্তা থেকেই ল্যাপটপটি দিয়েছেন তিনি। উপহার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিরিল।
জার্মান তরুণ জানান, বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলো নিয়ে কাজ করতে এ দেশে এসেছেন তিনি। গত বুধবার (৭ অক্টোবর) বগুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে নাটোর রেলস্টেশনে পৌঁছান। সেখান থেকে ভারত যাওয়ার উদ্দেশে দর্শনা স্টেশনে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
কিরিলের ভাষ্য, নাটোর রেলস্টেশনে নেমে বিশ্রামকক্ষে অবস্থানের সময় ২৪ থেকে ২৫ বছরের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। হলুদ কটি পরা ওই ব্যক্তি নিজেকে রেলের কর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে ব্যাগ রেখে টিকিট কাটতে যান কিরিল। এ সময় ব্যাগটি নিয়ে সরে পড়েন ওই যুবক।
পরে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতায় নাটোর সদর থানায় গিয়ে ব্যাগ হারানোর বিষয়টি জানান কিরিল।




