গণআন্দোলনের হুমকিতে বিশ্বকাপ নিয়ে শঙ্কা

সংগৃহীত ছবি
বিশ্বকাপের বাকি আর মাত্র ২৬ দিন। যেখানে বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকার কথা মেক্সিকোর, সেখানে বিক্ষোভ থামাতে হিমশিম খাচ্ছে আয়োজন দেশটি। বেতন বাড়ানোর দাবিতে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছেন মেক্সিকোর সরকারি স্কুলের শিক্ষকরা। তাদের ‘গণআন্দোলনের’ হুমকিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা।
মেক্সিকোর শিক্ষক দিবস উপলক্ষে দেশটির জাতীয় শিক্ষক ইউনিয়ন ‘ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স’-এর প্রায় ৩ হাজার সদস্য গত ১৫ মে রাজধানী মেক্সিকো সিটিতে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শিক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।
‘শিক্ষা এখন অগ্রাধিকার নয়, বিশ্বকাপে মিলিয়ন ডলারের ব্যবসাই এখন মুখ্য‘-এমন প্ল্যাকার্ড নিয়েই মিছিলে এসেছিলেন শিক্ষকরা। মিছিলে এক বিক্ষোভকারীকে ফুটবল নিয়ে ড্রিবলিং করে অভিনব উপায়ে প্রতিবাদ জানাতে দেখা যায়।
বর্তমানে মেক্সিকোতে একজন সরকারি স্কুলশিক্ষকের মাসিক বেতন প্রায় ৯৬৭ ডলার, যা প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। দেশটির সরকার ও শিক্ষক ইউনিয়নের মূল নেতৃত্ব যৌথভাবে ৯ শতাংশ বেতন বাড়াতে সম্মত হয়েছিল। তবে বেঁকে বসে ইউনিয়নের একটি অংশ। তারা শতভাগ বেতন বাড়ানোর পক্ষে আন্দোলনে নেমেছেন।
দাবি আদায় না হলে বিশ্বকাপ চলাকালীন তীব্র আন্দোলনের ব্যাপারে ইউনিয়ন সদস্যরা একমত হয়েছেন বলেও জানা যায়। মেক্সিকোর শিক্ষকদের এই আন্দোলনের হুমকিকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে।
অতীতেও বিভিন্ন দাবিতে আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ সড়কসহ রাজধানীর প্রধান সড়ক অবরোধ করে টানা কয়েক দিন মেক্সিকো সিটি কার্যত অচল করে দিয়েছিলেন শিক্ষকরা।
যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে মেক্সিকো। এই টুর্নামেন্ট ঘিরে দেশটিতে প্রায় ৫০ লাখ পর্যটকের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এমন সময়ে শিক্ষকদের আন্দোলনের হুমকি বিশ্বকাপের পুরো আয়োজনকেই হুমকিতে ফেলে দিল।




