অনূর্ধ্ব-২০ দলের সংবাদ সম্মেলনে ছিলেন না কোচ-অধিনায়ক

টিম ম্যানেজার সামিদ কাশেমের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। ছবি : বাফুফে
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আজ রাতে উজবেকিস্তান যাবেন বাংলাদেশের যুবারা। এর আগে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন হলপ্রধান কোচ জেরার্ড জোন্সকে ছাড়াই। ছিলেন না অধিনায়ক বা অন্য কোনো খেলোয়াড়।
কোচ জেরার্ড জোন্সের সঙ্গে সহকারী কোচ আতিকুর রহমানের হাতাহাতি নিয়ে বিতর্ক হয়েছে যথেষ্ট। এ ছাড়া নিরাপত্তা নিয়ে অভিযোগ আর বেতন না পাওয়া নিয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেছিলেন জোন্স। তাই বিতর্ক এড়াতেই হয়তো কোচ-অধিনায়ককে সংবাদ সম্মেলনে পাঠায়নি বাফুফে। টিম ম্যানেজার সামিদ কাশেমের সঙ্গে সংবাদ সম্মেলনে ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
সংবাদ সম্মেলনে কোচ ও খেলোয়াড়দের না থাকার কারণ জানতে চাইলে টিম ম্যানেজার সামিদ বলেন, ‘আমাদের প্রধান কোচ নেই আজ। কোনো খেলোয়াড় নেই। দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক দিন আমাদের ভ্রমণ পরিকল্পনার অনেক সমস্যা হচ্ছিল। উজবেকিস্তান থেকে অনেক তথ্য শেষ মুহূর্তে এসেছে। ফেডারেশনও ব্যস্ত ছিল। গণমাধ্যমে কয়েকটি খবরে দলকে নিয়ে যেটা আসছে, এটা আসলে একটু বিঘ্ন সৃষ্টির মতো ছিল।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সবাই একসঙ্গে যাব। এটা সবাই একমত হয়েছে। আজকে কোচকে সংবাদ সম্মেলনে আনিনি। কারণ আমাদের গত কয়েক দিন একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছে। দীর্ঘ ভ্রমণের জন্য প্রস্তুত হতে তাদের মনোযোগী হওয়া জরুরি ছিল।’
দলের ক্যাম্পের পরিস্থিতি এখন শান্ত বলেও দাবি করেন সামিদ, ‘এখন আমি বলতে পারি যে ক্যাম্পের পরিস্থিতি অনেকটা ঠান্ডাই আছে। আমরা ভালো অবস্থার মধ্যে আছি। সবাই এখন খেলতে রোমাঞ্চিত। তদন্তের আগে বড় ধরনের পরিবর্তন এনে দলকে আমরা ব্যাহত করতে চাচ্ছিলাম না।’
জেরার্ড কি নিজে সংবাদ সম্মেলনে আসতে চাননি? এমন প্রশ্নে সামিদ বলেন, ‘না, এটা আমাদের একটা সিদ্ধান্ত ছিল। ফিফার নিয়ম হচ্ছে কোচ থাকবে, না হলে সহকারী কোচ থাকবে। এএফসিতে যখন আমরা যাই, সেখানে বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে অবশ্যই আমাদের প্রধান কোচ থাকবে। আমাদের মনোযোগ এখন বাছাইপর্বের অভিযান। আমরা যদি মাঠের বাইরের বিষয় নিয়ে মনোযোগ দিই, দলের মনোযোগে আরও ব্যাঘাত ঘটবে। এই বিশেষ পরিস্থিতির জন্য আমরা দুঃখিত। কিছু তো ঘটছে। সেটার জন্য আমাদের অভ্যন্তরীণ তদন্ত হচ্ছে। আপনাদের জানাতেই এই সংবাদ সম্মেলন করতে হচ্ছে।’







