আবারও এক হচ্ছেন মেসি-সুয়ারেস-নেইমার?

ফাইল ছবি
নেইমারের ভবিষ্যৎ নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা। ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সান্তোসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর। এরপর কোথায় যাবেন সেটি এখনো চূড়ান্ত করেননি তিনি। এর মধ্যেই স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে ইন্টার মায়ামির নাম।
তবে নেইমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্লাবটির কোনো চূড়ান্ত চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। মার্কার দাবি, সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির বর্তমান পরিস্থিতিই মূলত মেজর লিগ সকারে (এমএলএস) তার সম্ভাব্য পাড়ি দেওয়ার জল্পনাকে উসকে দিয়েছে।
সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন না করলে আগামী বছরের শুরুতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন নেইমার। সেক্ষেত্রে নিজের ভবিষ্যৎ নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে তার।
২০২৭ সাল নিয়ে এরই মধ্যে একাধিক সম্ভাবনার দরজা খোলা রেখেছেন নেইমার। সান্তোসে থেকে যাওয়ার পাশাপাশি বিদেশের কোনো ক্লাবে নতুন করে ক্যারিয়ার শুরু করা কিংবা পেশাদার ফুটবল থেকেই অবসর নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
তবে ইন্টার মায়ামিতে গেলে নেইমারের জন্য সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে পুরোনো দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে পুনর্মিলন। বার্সেলোনায় একসময় মেসি, সুয়ারেস ও নেইমার মিলে গড়ে তুলেছিলেন বিখ্যাত ‘এমএসএন’ ত্রয়ী। সেই আক্রমণভাগের পুনর্মিলন হলে তা হবে ফুটবল বিশ্বের অন্যতম বড় আকর্ষণ।
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন তিন তারকা। ওই সময়ে কাতালান ক্লাবটির ইতিহাসের অন্যতম সফল অধ্যায় রচনা করেন তারা। তিন মৌসুমে জিতেছিলেন মোট নয়টি শিরোপা। এর মধ্যে ছিল একটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগা ও তিনটি কোপা দেল রে।
২০১৪-১৫ মৌসুমে সবচেয়ে দারুণ ছিল ‘এমএসএন’-এর পারফরম্যান্স। সেই মৌসুমে বার্সেলোনার হয়ে ট্রেবল জিতেছিল দলটি—চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও কোপা দেল রে। তিন প্রতিভাবান ফরোয়ার্ড মিলে সব প্রতিযোগিতায় করেছিলেন ১২২ গোল। এর মধ্যে মেসির ৫৮, নেইমারের ৩৯ এবং সুয়ারেসের ২৫ গোল।
সেই বিধ্বংসী ত্রয়ীর একজন নেইমার এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়ের দিকে। সান্তোসে তার ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আর সেই অনিশ্চয়তার মাঝেই যদি ইন্টার মায়ামিতে যোগ দেন তাহলে প্রায় এক দশক পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত আক্রমণভাগ—মেসি, সুয়ারেস ও নেইমারকে।




