জোহানেসবার্গ টেস্ট
তৃতীয় দিনের রণপরিকল্পনা জানালেন লিটন

দ্বিতীয় দিন শেষে জমজমাট হয়ে উঠেছে জোহানেসবার্গ টেস্ট। প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশকে হতাশ করেছে জুবায়ের হামজা আর মার্কোস অ্যাকারম্যানের ২০২ রানের জুটি। দিনশেষে আউট হয়েছেন দুজনেই। তবে উইকেটে আছেন ধৈর্যের প্রতিমূর্তি অধিনায়ক টেম্বা বাভুমা আর রায়ান রিকেলটন। ১১৩ রানে পিছিয়ে থাকা প্রোটিয়াদের আজ তৃতীয় দিনে দ্রুত গুটিয়ে দেওয়ার পরিকল্পনা বাংলাদেশের।
গতকাল দিনশেষে সংবাদ সম্মেলনে এসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো লিটন দাস বলেন, ‘আমার মনে হয় না বোর্ডে আমাদের খুব বেশি রান আছে। ১০০-১২০ রানের লিড আছে ঠিকই, তবে কাল (আজ) সকালে শুরুতেই যদি আমরা দুই-তিনটি উইকেট নিতে পারি, তাহলে ম্যাচের চিত্রটা বদলে যেতে পারে। সেটা না হলে আমাদের জন্য কাজটা একটু কঠিন হবে। সে ক্ষেত্রে যতটা সম্ভব খেলাটা লম্বা করতে হবে, দ্রুত রান দিয়ে ফেলা যাবে না। আমাদের মূল লক্ষ্য থাকবে, প্রতিপক্ষকে যতটা সম্ভব চাপে রাখা এবং রান দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরে বোলিং করা।’ জোহানেসবার্গে লিটন দাস ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন। দল যখন ১২১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল, তখন উইকেটে এসে তিনি আর তাওহীদ হৃদয় দলের হাল ধরেন। গড়েন ২০৬ রানের জুটি। দলের বিপদে হাল ধরার বিষয়ে লিটন বলেন, ‘দল যখন চাপে থাকে, তখন একজন সিনিয়র খেলোয়াড়ের দায়িত্বই হলো নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে বের করে আনার চেষ্টা করা। আমি সেটি করতে পেরেছি বলে খুবই খুশি। ভবিষ্যতেও বাংলাদেশ যখনই এমন বিপদে পড়বে, আমি চাই বারবার দায়িত্ব নিয়ে দলকে সেই পরিস্থিতি থেকে সামলে উঠতে সাহায্য করতে।’
গতকাল সেঞ্চুরির পর লিটনের উদ্যাপনও সবার হৃদয় ছুঁয়ে গেছে। পকেট থেকে কাগজ বের করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এ বিষয়ে লিটন বলেন, ‘আজকে তার জন্মদিন ছিল। আমি ভাবছিলাম, কীভাবে তাকে একটা সারপ্রাইজ দেওয়া যায়। তবে বিষয়টা সকালে আমার মাথায় আসে। তখন মনে হলো, এ রকম কিছু করা যায় কি না। শেষ পর্যন্ত সেটা করতে পেরেছি। তা না হলে হয়তো উপহারটা পকেটেই থেকে যেত। সো, আই অ্যাম হ্যাপি।’




