জোহানেসবার্গ টেস্ট
সেঞ্চুরি হাঁকিয়ে মেয়ের জন্মদিন উদযাপন লিটনের

জোহানেসবার্গে সেঞ্চুরি থেকে মোটে ৮ রান দূরে দাঁড়িয়ে দ্বিতীয় দিন শুরু করেছিলেন লিটন দাস। আজ জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই মার্কো ইয়ানসেনের করা শর্ট বলে দারুণ ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পূর্ণ করলেন এই উইকেটকিপার-ব্যাটার। সেঞ্চুরি পূরণের উদ্যাপন ছাড়িয়ে গেল অন্য সব সাধারণ উদ্যাপনকে।
বাংলাদেশের এই তারকা ব্যাটার তিন অংক ছুঁয়েই পকেট থেকে একটি ছোট কাগজ বের করলেন। সেই চিরকুটে লেখা ছিল লিটন ও তার স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার একমাত্র কন্যা আনাইরার জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা- ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা, এই সেঞ্চুরিটা তোমার জন্য...।’
নান্দনিক ব্যাটিংয়ে এই সেঞ্চুরি হাঁকিয়ে মুশফিকুর রহিমের একটি রেকর্ড নিজের করে নিলেন লিটন। বাংলাদেশের হয়ে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন তার। এতদিন ছয় সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডে পাশাপাশি ছিলেন মুশফিক ও লিটন। এবার উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সপ্তম টেস্ট সেঞ্চুরি করে লিটন তাকে ছাড়িয়ে গেলেন। বিশ্ব ক্রিকেটে এই রেকর্ডে লিটনের চেয়ে বেশি সেঞ্চুরি আছে চার জনের- অ্যাডাম গিলক্রিস্ট (১৭), অ্যান্ডি ফ্লাওয়ার (১২), লিস অ্যামিস (৮) ও রিশাভ পান্ত(৮)।
৮৯.৩ ওভারে বাংলাদেশর স্কোর ৬ উইকেটে ৩৪৭ রান। গতকাল প্রথম দিনে ২২ রানে ৩ উইকেট হারানোর পর ১২১ রানে ইনিংসের অর্ধেক শেষ হয়ে গিয়েছিল। সেখান থেকে অনবদ্য জুটিতে দলকে পথ দেখান লিটন আর তাওহীদ হৃদয়। ২২৭ বলে ১৩৭ রান করা হৃদয় গতকাল দিনের শেষ বলে আউট হয়ে যান। আজ দিনের শুরুটা রাঙালেন লিটন। এখন দেখার বাংলাদেশের স্কোর কোথায় গিয়ে থামে।




