বিজ্ঞাপন বোর্ডের পেরেকে লেগে হাতে চোট নাহিদ রানার

চোট পেয়েছেন রানা। ছবি: আগামীর সময়
পাকিস্তান সিরিজে খেলবেন বলে নাহিদ রানাকে এনওসি দেয়নি বিসিবি। তাই পিএসএলের বাকি অংশে আর খেলতে যাওয়া হচ্ছে না এই পেসারের। পিএসএলের পরিবর্তে জাতীয় দলের হয়ে তৈরি হতে বিশ্রাম নিবেন তিনি।
বৃহস্পতিবার বিসিবির বিজ্ঞপ্তিতে এটাই মনে হবে সবার। কিন্তু ভেতরের খবর ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সময় হাতে চোট পেয়েছেন এই পেসার। তাই আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে রানাকে।
তৃতীয় ম্যাচে ফিল্ডিং করার সময় বাউন্ডারি আটকানোর চেষ্টা করেছিলেন রানা। দৌড়ে গিয়ে ব্যালেন্স রাখার জন্য বিজ্ঞাপন বিলবোর্ডে গিয়ে হাত রাখেন। তখনই বিলবোর্ডে থাকা পেরেকে লেগে আঙুলে চোট পান।
সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত
স্বস্তির খবর কোন সেলাই প্রয়োজন হয়নি। হাতে ব্যান্ডেজ করা হয়েছে বলে আগামীর সময়কে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘ভাগ্য ভালো যে নাহিদ রানার চোটটা খুব বড় কিছু নয়। পেরেকে লেগে হাত ছিলে গেছে। এটা ভালো যে কোন সেলাই প্রয়োজন হয়নি। ব্যান্ডেজ করা হয়েছে। সে হয়তো কিছুদিনের বিশ্রামের পর আবার বোলিং করতে পারবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের হয়েছেন রানা। চট্টগ্রামে আগামী রোববার শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে তাঁকে দলে রাখা হয়নি। ৮ মে থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ। সেখানে তাসকিনের পাশাপাশি দলের মূল পেসারের ভূমিকায় থাকবেন এই তরুণ পেসার।


