নেপালের সঙ্গে সিরিজ আয়োজনে ইতিবাচক বিসিবি

সংগৃহীত ছবি
হিমবাহ ধসে ভয়াবহ দুর্যোগে এখন নেপাল। বিপর্যয় কাটিয়ে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এরই মাঝে গত বৃহস্পতিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে দেখা করেছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। সেখানে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে নেপালের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। এ নিয়ে নেপাল প্রস্তাবও দিয়েছে বিসিবিকে। তাদের এমন আগ্রহে ইতিবাচক সাড়া দিচ্ছে বিসিবিও।
আজ (শনিবার) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস বললেন, ‘নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুবই ইতিবাচকভাবে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক মতো মেলে, কারণ আমরা জানি যে আমাদের এফটিপিটা খুবই প্যাকড। এরপরও আমরা এই চক্রের মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক মতো হলে আশা করি এই সিরিজটা আমাদের হতে পারে।’
নেপালের সঙ্গে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিই বিশ্বকাপে। সিরিজটা হলে প্রথমবার বিশ্বকাপের বাইরে মুখোমুখি হব দুই দল। সেই সিরিজ হতে পারে কবে?
এমন প্রশ্নে নাফীস বললেন, ‘চক্রটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই চক্রের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই অনুরোধও আছে। তো এটা আমরা ইতিবাচকভাবেই দেখছি। যখন এটা বলার মতো পর্যায়ে যাবে বা আমরা একটা পজিশনে আসতে পারব যেখানে আমরা বলতে পারব যে হচ্ছে বা হচ্ছে না, তখন আমরা জানিয়ে দিতে পারব।’



