বিশ্বাস হারাননি মিরাজ

সংগৃহীত ছবি
একদিন বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। এমন দাপুটে জয়ে খুশি দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মেহেদী হাসান মিরাজ।
ফক্স স্পোর্টসে সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও অ্যালিসা হিলির সঙ্গে আলাপচারিতায় মিরাজ বলেছেন, ‘এটি একটি অসাধারণ ও দারুণ মুহূর্ত। অনেক দিন পর আমরা এখানে এসেছি এবং দলের পারফরম্যান্স এককথায় দুর্দান্ত ছিল। আমরা যেভাবে খেলছি সেটা আমাদের দলের মানসিক শক্তি তুলে ধরে এবং সবকিছুই একদম নিখুঁত হয়েছে।’
টেস্ট ম্যাচের জন্য এটি ছিল একদম উপযুক্ত উইকেট। বাংলাদেশের ক্রিকেটাররা এই কন্ডিশন কাজে লাগিয়েছেন দারুণভাবে। যে দলটি ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হয়েছিল এবং নিজেদের শেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল, তাদের এমন প্রত্যাবর্তন প্রশংসনীয়।
মিরাজ বললেন, ‘আমাদের বিশ্বাসটা ছিল। প্রস্তুতি ম্যাচের পর আমরা ভেবেছিলাম এটি আমাদের জন্য একটি দারুণ সুযোগ। এ ধরনের কন্ডিশনে অনেক দিন পর খেলতে এসে এত শক্তিশালী বিশ্বমানের একটি দলের মুখোমুখি হওয়াটা বড় চ্যালেঞ্জ ছিল। ওদের দলে অনেক ভালো খেলোয়াড় আছে। তাই ওদের হারাতে পারলে সেটা আমাদের দেশ ও ক্রিকেটের জন্য দারুণ বিষয় হতো। দলের মূল বার্তাটাই ছিল— আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে।’






