সিরিজ জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

শেষ ম্যাচে ফিরে ২ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ছবি: সংগৃহীত
২৬৬ রানের চ্যালেঞ্জ ওয়ানডেতে পাহাড় সমান নয়। তারপরও বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে নিউজিল্যান্ড।
ইনিংসের ৩৩ ওভার শেষে সেই চাপ আরও বেড়েছে। এই সময়ে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে কিউইরা। সিরিজ জিততে হলে ৯৬ বলে দরকার ১২৬ রান। ম্যাচটা জিতলে ২-১ ব্যবধানে সিরিজ জিতবে বাংলাদেশ।
ক্রিকইনফোর জয়ের পারসেন্টেজ হিসাব করা ক্যালকুলেটর বাংলাদেশের জয় দেখছে ৯৫ শতাংশের ওপরে। যদিও ক্রিকেটে ম্যাচ ঘুরতে পারে যে কোনো সময়। নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারে কারও অতিমানবীয় ইনিংস ম্যাচ টেনে নিতে পারে তাদের দিকেও।
এখন পর্যন্ত অবশ্য তেমন কিছুর ইঙ্গিত নেই। বাংলাদেশ পেসাররাই চট্টগ্রামের উইকেটে ভালো করছেন। একাদশে ফেরা মোস্তাফিজুর রহমান নিয়েছেন জোড়া উইকেট। নাহিদ রানাও পেয়েছেন ২ উইকেট। শরিফুল একটি আর স্পিনার মিরাজ পেয়েছেন অধিনায়ক টম ল্যাথামের বড় উইকেটটি।
ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজের বলে ৪ রান করা হেনরি নিকোলসের বিদায়ে নিউজিল্যান্ডের চাপে পড়ার শুরু। নিক কেলি একপ্রান্ত আগলে রেখে ৮০ বলে ৫৯ রান করেও সেই বিপদ কাটাতে পারেননি। উইল ইয়ং (১৯), ল্যাথাম (৫) ও মোহাম্মদ আব্বাসরা (২৫) নিয়মিত বিরতিতে আউট হওয়ায় ওভারপ্রতি রান তোলায় পিছিয়েই ছিল নিউজিল্যান্ড।

