নিগার সুলতানা
অনেক বাজে ক্রিকেট খেলে ফেলেছি

এশিয়ান গেমসের মঞ্চে ভারতের করা ১৯৫ রান তাড়া করতে গিয়ে ১১৪ রানে হারের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। মাত্র ৮১ রানে অল-আউট হয়ে ভেঙে গেছে স্বর্ণপদক জয়ের স্বপ্ন। জাপানের করোগি স্পোর্টস পার্কে ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ শেষে মিক্সড জোনে কথা হয় অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে। তার বক্তব্যের চৌম্বক অংশ তুলে ধরা হলো।
হারের কারণ
আপনারা তো দেখেছেন, ওরা অনেক রান করছে। ফ্ল্যাট ট্র্যাক ছিল। অনেক ভালো ব্যাটিং করছে ওরা। আর যখন এত রানের টার্গেট থাকে, তখন ধস নামাটা স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয় আরেকটু ভালো বোলিং করলে হয়তো আরও কিছু কম রান হতো ওদের।
বারবার প্রতিপক্ষ ভারত
দেখুন, এটা তো আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। এভাবেই ড্র হয়েছে। ওরা আসলেই ভালো দল। তবে ওদের বিপক্ষে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক বেশি রান দিয়ে ফেলেছি। আর ব্যাটিং ইউনিটের হয়ে বলি, যদি ১০০ প্লাস একটা স্কোর করতে পারতাম তবে পরবর্তী ম্যাচের জন্য ইতিবাচক হতো।
ব্যাটিং বিপর্যয়
ব্যাটিং একদমই ভালো হয়নি। যখন এত অল্প রানে একটা দল ধসে পড়ে, তখন ডেফিনেটলি আমরা কেউই দায়িত্ব নেইনি। যখন ১৮০-র বেশি রান চেজ করবেন, একটা অন্যরকম চাপও থাকে যে আমাকে পাওয়ার প্লেতে অনেক বেশি রান যোগ করতে হব। ওইদিক থেকে চিন্তা করলে ব্যাটারদের প্রতি এমনিতেই একটা চাপ থাকে। তারপরও বলব টপ অর্ডারের কেউ একজন শেষ পর্যন্ত খেলতে পারলে হয়তো আমরা আরও কিছু রান যোগ করতে পারতাম।
খেলা ও অনুশীলনের সুযোগ না পাওয়া
এটা সত্য যে, ট্রেনিং ফ্যাসিলিটি আমরা আসলে এখানে কিছুই পাইনি। এশিয়ান গেমস বলেই এসব নিয়ে কোনো অভিযোগ নেই। অনেক বৃষ্টি ছিল একদিন, আমরা মাত্র দুই দিন প্র্যাকটিসের সুযোগ পেয়েছি। এখানে মাঠের অবস্থাও ততটা ভালো না। প্রথম দিন চীনের সঙ্গে ম্যাচটা খেললে হয়তো ব্যাটারদের জন্য আরও একটু ভালো হতো। তবে সে সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। এটা বলতে দ্বিধা নেই যে দল হিসেবে আসলে অনেক বাজে ক্রিকেট খেলে ফেলছি।
টসের সিদ্ধান্ত
অবশ্যই টসের একটা বড় ভূমিকা থাকে। আমাদেরও চিন্তাভাবনা ছিল টসে জিতলে ব্যাটিং করব যেহেতু এরকম ট্র্যাক। যখন রানের প্রেসারে আপনি ব্যাটিং করবেন একটা ডিফারেন্ট ইমপ্যাক্ট পড়ে ব্যাটিং ইউনিটের ওপর। আর যখন প্রেসারলেস ব্যাটিং করেন তখন বিষয়টি ভিন্ন হয়। তাই আবারও বলছি, আমরা আমরা বাজে খেলছি।
অধিনায়কত্বের ইতি টানা
(অধিনায়কত্ব ছাড়া নিয়ে) অত গভীরভাবে চিন্তা করছি না। আর একটা ম্যাচ, অবশ্যই সুযোগ আছে ভালো করার। এখনো একটা অর্জনের সুযোগ থাকবে। পাকিস্তানের সঙ্গে ভালো খেলার রেকর্ড আমাদের আছে। রিসেন্টলি আমরা বিশ্বকাপে ভালো খেলছি, ম্যাচ জিতেছি। সেক্ষেত্রে সুযোগ কাজে লাগাতে হবে। কিন্তু দেখেন, গ্রুপটা পুরোপুরি ডিফারেন্ট কন্ডিশন। এটা টোটালি ব্যাটারদের খেলা, যদি ব্যাটাররা রান করতে পারে ডেফিনেটলি একটা মেডেল নিয়ে যাওয়ার সুযোগ থাকবে।





