এশিয়ান গেমস
নারী ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ

ভারতের বিপক্ষে জয়ের পাহাড়সম চ্যালেঞ্জ ছিল নিগার সুলতানা জ্যোতিদের সামনে। নিকটঅতীতে বাংলাদেশের নারী ক্রিকেটের যে হাল তাতে এই চ্যালেঞ্জ টপকানো ছিল একরকম অসম্ভব ব্যাপার। তা আর সম্ভবপরও হয়নি। ভারতের বিপক্ষে এশিয়ান গেমসের সেমিফাইনালে ১১৪ রানের বিশাল হারে স্বর্ণ জয়ের স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশ নারী দলের।
জাপানের করোগি স্পোর্টস পার্কের দ্বিতীয় সেমিফাইনালে ব্যাটিং পিচে ব্যাটিং ব্যর্থতার চরম উদাহরণ দিল নিগার সুলতানারা। ভারতের দেয়া ১৯৬ রানের জবাবে মাত্র ৮১ রানে অলআউট হয়েছে তারা। ইনিংসে দু’অঙ্কের ঘরে রান তুলেছে মাত্র তিনজন। ওপেনার দিলারা আক্তারের ২৭, শারমিন আক্তারের ১০ ও লোয়ার অর্ডারে সুলতানা খাতুনের ১২ রান।
অধিনায়ক নিগার সুলতানা ৯, সোবহানা মোস্তারি ৪, জুরাইরিয়া ফেরদৌস ০ ও স্বর্ণা আক্তার ৫ রান করেন। দ্বিতীয় ওভার থেকেই উইকেট হারানো শুরু করা বাংলাদেশ কোনো জুটি দাঁড় করাতেই ব্যর্থ হয়।
অথচ ভারত ওপেনার শেফালি ভার্মার সেঞ্চুরিতে দুইশো ছোঁয়া স্কোর গড়ে। মাত্র ৪৯ বলে ৩ চার ও ৯ ছক্কায় ১০০ করে অপরাজিত থাকেন শেফালি। দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল।
ওই ম্যাচটিও হয় রান উর্বরা। সাম্পতিক সময়ে ব্যাটিং ব্যর্থতায় থাকা পাকিস্তান নারীরাও এই মাঠের পিচে ৪ উইকেটে ১৭৭ রান করে। জবাবে শ্রীলঙ্কা ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায়। অথচ বাংলাদেশ এমন ব্যাটিং উইকেটেও রানের দেখা পেতে ব্যর্থ।
চলতি মাসেই নারী এশিয়া কাপে ভারতের কাছে হেরেছিল নিগার সুলতানার দল। ওই হারের পর টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বোর্ডকে জানিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। এবারের হার তার ওই সিদ্ধান্তকে আরও যথার্থ করেছে।
২২ সেপ্টেম্বর দিনের প্রথম ম্যাচে ব্রোঞ্জ পদকের জন্য পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী দল। একই দিন ফাইনালে স্বর্ণ পদকের জন্য লড়বে শ্রীলঙ্কা ও ভারত।



