আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

নাইরোবি শিল্পী গোষ্ঠীর সদস্য (বাম থেকে) মিথুন, জহির, হর্ষ, নাতাশা,ডিও, বনানী, তাহজীব, সোবহা, শাহির, অনির্বাণ ও অপরাজিতা। ছবি / আগামীর সময়
কেনিয়ার রাজধানী নাইরোবিতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘ব্যাকইয়ার্ড জ্যামিং সেশন’।
স্থানীয় সময় রবিবার নাইরোবি শিল্পী গোষ্ঠীর আয়োজনে এ অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, তানজানিয়া, যুক্তরাষ্ট্র, ইথিওপিয়া ও যুক্তরাজ্যের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। এবারের আয়োজনের মূল বিষয় ছিল বন্ধুত্ব।
কোভিড মহামারির পর পেশাগত কারণে কয়েকটি বাংলাদেশি পরিবার নাইরোবিতে বসবাস শুরু করে। সেখানে পরিচয় ও নিয়মিত আড্ডার সূত্রে তাদের মধ্যে বাংলা সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং সংগীতচর্চার আগ্রহ এক জায়গায় মেলে। একসঙ্গে গান করতে করতেই গড়ে ওঠে ‘নাইরোবি শিল্পী গোষ্ঠী’। পরে ভারতের হায়দরাবাদ থেকে আসা একজনও এই দলে যুক্ত হন।
নিজেদের বাড়িতে সংগীতচর্চার পাশাপাশি গোষ্ঠীটি শুরু করে ‘ব্যাকইয়ার্ড জ্যামিং সেশন’। এতে বাংলাদেশি ও বিভিন্ন দেশের সংস্কৃতিমনা বন্ধুদের আমন্ত্রণ জানানো হয়। গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি অন্য দেশের শিল্পীরাও এতে সংগীত পরিবেশন করেন। ফলে আয়োজনটি বিভিন্ন দেশের মানুষের সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।
নাইরোবি শিল্পী গোষ্ঠীর সদস্যরা কেনিয়ায় বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন। তবে ‘ব্যাকইয়ার্ড জ্যামিং’ তাদের নিজস্ব উদ্যোগ। এবারের আয়োজনটি ছিল এর তৃতীয় পর্ব। প্রতিবারই একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠান সাজানো হয়।
বন্ধুত্বের থিমে আয়োজিত এবারের অনুষ্ঠানে বিভিন্ন দেশের অতিথিরা গান ও আড্ডায় অংশ নেন। পরিবেশনায় উঠে আসে বন্ধুত্ব ও পুরোনো সম্পর্কের স্মৃতিবিজড়িত গান।
নাইরোবি শিল্পী গোষ্ঠীর সদস্যরা হলেন ডিও, অপরাজিতা, কল্প, মিথুন, অনির্বাণ, সোবহা, হর্ষ, নাতাশা, শাহির, বনানী ও জহির।




