কিস্তি না দেওয়ায় গৃহবধূকে পুলিশে দিলেন এনজিওকর্মীরা

নাঙ্গলকোট থানা
কুমিল্লার নাঙ্গলকোটে ঋণের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বিরোধের জেরে এক গৃহবধূকে পুলিশে দেওয়ার অভিযোগ উঠেছে সাজেদা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে।
গতকাল রবিবার রাতে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের চারজানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে গৃহবধূর পরিবার।
গ্রেপ্তার গৃহবধূর নাম ফাতেমা (২৪)। তিনি চারজানিয়া গ্রামের সাগরের স্ত্রী।
ফাতেমা জানিয়েছেন, তিনি সাজেদা ফাউন্ডেশন থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের সব টাকা পরিশোধ করার পরও সংস্থাটির কর্মীরা তার কাছে আরও ৩৫ হাজার টাকা পাওনা দাবি করে আসছিলেন। রবিবার সন্ধ্যায় সংস্থাটির লোকজন এসে তার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যান। এর কিছুক্ষণ পর রাতে পুলিশ নিয়ে এসে তাকে গ্রেপ্তার করানো হয়।
তবে সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস জানিয়েছেন, ফাতেমার কাছে তাদের প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। গত ৮-৯ মাস ধরে তিনি কোনো কিস্তি পরিশোধ করেননি। এ কারণে নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। ফাতেমাকে আগেই জানানো হয়েছিল যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং বকেয়া টাকা পরিশোধ করতে হবে।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফাতেমার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা কার্যকর করতে একজন নারী পুলিশ কর্মকর্তার নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।




