আগামীর চোখ
অক্কা থেকে রক্ষা

গ্রাফিকস: আগামীর সময়
শ্রদ্ধেয়
হবু শ্বশুর মহোদয়
পত্রের প্রথমেই বলে রাখি, আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ! জীবনে অনেক বিয়ের দাওয়াত খেয়েছি, অনেক মিষ্টি খেয়েছি; কিন্তু মিষ্টির সঙ্গে বিষ খাওয়ানোর এমন অভিনব আয়োজন আগে কখনো দেখিনি। আপনাদের বাড়িতে বিয়ে করতে গিয়ে বুঝলাম, বিয়ে নামক প্রতিষ্ঠানটি শুধু সাতপাকের বন্ধন নয়; কখনো কখনো সাত জন্মের বিপদও হতে পারে!
নেত্রকোনায় আপনাদের বাড়িতে আমি গিয়েছিলাম বরবেশে। মাথায় টোপর, মুখে হাসি, মনে হাজারো স্বপ্ন। ভেবেছিলাম, আজ থেকে আমার জীবনে নতুন অধ্যায় শুরু হবে। শ্বশুরবাড়ির আদর-আপ্যায়ন, শাশুড়ির স্নেহ, স্ত্রীর ভালোবাসা আর শ্বশুরের আশীর্বাদ নিয়ে সংসার নামের ছোট্ট একটা সুখের রাজ্য গড়ে তুলব। কিন্তু কে জানত, আমার জন্য সেখানে অপেক্ষা করছে মিষ্টির মোড়কে এক ভয়ংকর চমক!
শুনলাম, কনের নাকি আমাকে পছন্দ হয়নি। পছন্দ না-ই হতে পারে। বিয়ের বাজারে পাত্র পছন্দ না হওয়ার অধিকার কনের আছে। কিন্তু তাই বলে মিষ্টির পাশাপাশি বিষের ব্যবস্থা করতে হবে কেন? পাত্র পছন্দ হয়নি— সরাসরি বলে দিলেই তো হতো! আমি তো আর জোর করে জামাই হতে আসিনি। বিয়ে করতে এসেছিলাম, জীবনবীমা নবায়ন করতে নয়!
বিয়ে ঠেকাতে বরকে বিষ খাওয়াতে হবে, এমনটা কোন প্রেমের সংবিধানে লেখা আছে?
হবু শ্বশুর মহোদয়, আপনার কাছে বিনীত প্রশ্ন, জামাই পছন্দ না হলে কি বিষপ্রয়োগের কোনো পারিবারিক রীতি আছে? নাকি আপনাদের এলাকায় বিয়ে ভাঙার আধুনিক পদ্ধতি হিসেবে এই নতুন প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে? দেশের ডিজিটাল অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বিয়ের আয়োজনেও যে এমন ডিজিটাল বিষক্রিয়ার আবির্ভাব ঘটবে, তা আমার কল্পনারও বাইরে ছিল।
আর আমার হবু বউকে বলছি, তুমি আমাকে পছন্দ করোনি, সেটি তোমার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু তোমার অপছন্দের শাস্তি হিসেবে আমার জীবনটাই কেন বাজি ধরতে হবে? ভালোবাসা না থাকলে বিয়ে হবে না, সেটি মেনে নেওয়া যায়। কিন্তু বিয়ে ঠেকাতে বরকে বিষ খাওয়াতে হবে, এমনটা কোন প্রেমের সংবিধানে লেখা আছে?
তোমার যদি অন্য কাউকে পছন্দ হয়ে থাকে, আমাকে জানাতে পারতে। আমি হাসিমুখে বিদায় নিতাম। প্রয়োজনে তোমাদের নতুন জীবনের জন্য মিষ্টিও পাঠাতাম, সঙ্গে বিষ নয়। কিন্তু বিষের আয়োজন দেখে মনে হলো, তোমাদের পরিবারে বিয়ে নয়, বুঝি কোনো গোপন অভিযান চলছিল! তাই আমি বিয়ে না করেই ফিরে এসেছি। অনেকে হয়তো বলবে, বিয়ে ভেঙে গেছে, আমার কপাল পুড়েছে। কিন্তু আমি বলব, বিয়ে ভাঙেনি, আমার জীবন বেঁচে গেছে! অকালে অক্কা থেকে রক্ষা
ইতি
আপনাদের বেঁচে যাওয়া হবু জামাতা



