ডিসেম্বর নিয়ে ঢাকঢাক গুড়গুড়

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পশ্চিমা পর্যবেক্ষকরা ঢালাওভাবে সেই নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ বলে সার্টিফিকেট দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল তিন মাস বাংলাদেশে অবস্থান করেছিল। তাদের রিপোর্ট বলেছে, ২০০৮ সালের পর ২০২৬— প্রকৃত সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে।
১০ মে, ২০২৫ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে জুলাই-আগস্ট আন্দোলনের সময় আন্দোলনকারীদের হত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত অ্যান্টি টেররিজম অ্যাক্টের অধীনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। পরিস্থিতি বৈরী হওয়ায় আওয়ামী লীগের সমমনা কয়েকটি দল, যেমন জাতীয় পার্টি, জাসদ বা ওয়ার্কার্স পার্টিও নির্বাচনে অংশ নেয়নি। এ নিয়ে নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, নির্বাচনী কোনো পর্যবেক্ষক গোষ্ঠী বা কোনো পশ্চিমা দেশ কোনোরূপ প্রশ্ন তোলেনি। ভারতের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপস্থিতি বা অনুপস্থিতির উল্লেখ না করে শুধু ‘ইনক্লুসিভ’ নির্বাচনের আশা ব্যক্ত করা হয়েছিল।
আওয়ামী লীগের অনুপস্থিতির দিকে স্পষ্ট ইঙ্গিত করেছিলেন যুক্তরাষ্ট্রের মাত্র কয়েকজন কংগ্রেস সদস্য। নির্বাচনের ঠিক আগে আগে, ২৩ ডিসেম্বর ২০২৫, যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষের ফরেন অ্যাফেয়ার্স কমিটির পাঁচজন সদস্য ইন্টেরিম সরকারপ্রধানকে চিঠি লিখে জানিয়েছিলেন ‘ফ্রি ও ফেয়ার’ নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে কাজ করতে এবং বলেছিলেন, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল চালু করলে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না। একই সঙ্গে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে এবং প্রতিশোধের রাজনীতি উসকে দেওয়া হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যুক্তরাষ্ট্রের সরকার বা কংগ্রেস এ পাঁচজনের বিবৃতি আমলে নেয়নি।
আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত তিনটি সংসদ নির্বাচনের কোনোটিই যুক্তরাষ্ট্র বা ইউরোপ সুষ্ঠু বা অবাধ হয়েছে বলে মনে করেনি; বরং নির্বাচন প্রক্রিয়া নষ্ট করার জন্য ক্রমাগত সরকারকে দায়ী করে গেছে। ২০২৩ থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এবং সংশ্লিষ্ট অন্য কর্মকর্তারা বাংলাদেশ ইস্যুতে ক্রমাগত বলেছেন তারা রাজনৈতিক সংলাপ চান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান। ২০২৩-এর সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আইন করেও ভয় দেখায় যে, রাজনীতিক বা কর্মকর্তা যারাই সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করবে, পরিবারসহ তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ন্ত্রণ বলবৎ হবে। ২০২৫ থেকে এমন কথা আর শোনা যায়নি।
ঢাকায় কূটনীতিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামান। তাদের অনেকে রাজনৈতিক দরকষাকষিতে সক্রিয় থাকেন। বহুবার তারা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়েছেন। ফলে তাদের দৌড়ঝাঁপ অনেকে কৌতূহলের সঙ্গে পর্যবেক্ষণ করেন। কিন্তু এসব থাকে অস্বচ্ছ, অস্পষ্ট
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে-পরে বাংলাদেশ বহু রকম রাজনৈতিক ডামাডোলের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই-আগস্ট আন্দোলনকালে হত্যাকাণ্ডের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ ভারতকে কূটনৈতিকভাবে অনুরোধ করেছে। এমনকি এ-সংক্রান্ত জটিলতায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে শীতলতা দেখিয়ে যাচ্ছেন। ভারত আইনি প্রক্রিয়ার অজুহাতে কালক্ষেপণ করছে। এর মধ্যে শেখ হাসিনা নিজেই ভার্চুয়াল অডিও ঘোষণায় এ বছরের ডিসেম্বরে দেশে ফিরে আসার ঘোষণা দিয়েছেন।
শেখ হাসিনার মাথায় মৃত্যুদণ্ডের রায় ঝুলছে। আইনমন্ত্রী বলেছেন, এখন আর তার আপিলের সুযোগ নেই। তার পাসপোর্ট বাতিল করা হয়েছে। লন্ডনভিত্তিক একটি আইন প্রতিষ্ঠান নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ইমেইল করে শেখ হাসিনার জন্য পাসপোর্ট চেয়েছে। তার আগমনবার্তা পেয়ে এর মধ্যে গোপালগঞ্জসহ অনেক জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলন-বিক্ষোভ করছেন। এসব বিক্ষোভ সহিংস আকার ধারণ করছে।
২ নভেম্বর ২০২৬ হেলসিংকিতে গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারের সমালোচনার পাশাপাশি শেখ হাসিনা জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং গণতান্ত্রিক সরকারগুলোকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের দিকে নিবিড় দৃষ্টি দিতে এবং তার ভাষায়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধ, আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে এবং হত্যাকাণ্ডসহ প্রতিটি ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করতে।
১১ নভেম্বর ভারতীয় কয়েকটি পত্রিকা মারফত জানা যায়, যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন রাজনীতিক, যারা বিভিন্ন সময় নির্বাচিত প্রতিনিধি ছিলেন বা আছেন, তারা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিবান্ডকে লিখিতভাব অনুরোধ জানিয়েছেন যেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে নিশ্চিত করেন যে, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে গেলে শারীরিকভাবে নিরাপদ থাকেন, অর্থাৎ যেন তার মৃত্যুদণ্ড কার্যকর না হয়। জাতিসংঘ বা ইউরোপীয় ইউনিয়ন এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
সরকারের মুখপাত্র ডা. জাহেদ সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ নেতারা জুলাই-আগস্ট আন্দোলন নিয়ে তাদের অপরাধ স্বীকার করে অনুতপ্ত হলে রিকনসিলিয়েশন নিয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্ক ও আন্তালিয়ায় জাতিসংঘের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রায় হওয়ার পরপর তিনি দেশে এলে ভারতসহ পশ্চিমা দেশের রাষ্ট্রদূতরা তার সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। এতে কৌতূহলীদের মনে হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, সারা দেশে আওয়ামী লীগের বিক্ষোভ-আন্দোলন— এসবের সঙ্গে পশ্চিমা কূটনীতিকদের বৈঠক ও ফিসফাসের যোগসূত্র রয়েছে।
ঢাকায় কূটনীতিকরা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মাথা ঘামান। তাদের অনেকে রাজনৈতিক দরকষাকষিতে সক্রিয় থাকেন। বহুবার তারা বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়েছেন। ফলে তাদের দৌড়ঝাঁপ অনেকে কৌতূহলের সঙ্গে পর্যবেক্ষণ করেন। কিন্তু এসব থাকে অস্বচ্ছ, অস্পষ্ট। সেজন্য রাজনৈতিক মহলে কানাঘুষা থাকে বেশি। অনেকে মনে করেন, বাংলাদেশে স্থিতিশীলতার জন্য আওয়ামী লীগকে রাজনৈতিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।
১৯৬৫-৮৬ সাল পর্যন্ত ফিলিপিনের প্রেসিডেন্ট ছিলেন ফার্দিনান্দ মার্কোস। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। ফিলিপাইনে তার নামে হাজার হাজার মামলা করা হলেও তিনি দায়মুক্তি ভোগ করেন। মেনজিস্তো হাইলে মারিয়াম ১৯৭৭-৯১ সাল পর্যন্ত ইথিওপিয়ার সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। বিদ্রোহীদের মোকাবিলা করতে না পেরে ১৯৯১ সালে তিনি দেশ ছেড়ে জিম্বাবুয়ে আশ্রয় নেন। ২০০৮ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।
১৯৯৯ থেকে ২০০৮ পর্যন্ত পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় বসেছিলেন। ২০০১ সালে তিনি প্রেসিডেন্ট হন। রাজনৈতিক অসন্তোষের মুখে পদত্যাগ করে যুক্তরাজ্যে পাড়ি দিলেও পরে দেশের বাইরে থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। অন্যদিকে রাষ্ট্রদ্রোহিতা ছাড়াও তাকে বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত করা হয়। সৌদি আরব পাকিস্তান সরকারকে চাপ প্রয়োগ করে পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলা না করতে। বেনজির ভুট্টো হত্যা মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপরও মোশাররফ নিজে দেশে ফিরে ২০১৩-এর নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং ২৪ মার্চ ২০১৩, দেশি-বিদেশি সাংবাদিক ভর্তি ফ্লাইটে তিনি দেশে ফিরে আসেন। সরকার তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়ে তার বাসভবনে তাকে গৃহবন্দি করে রাখে। পরে তিনি কোনো এক আদালত থেকে জামিন পেয়ে এবং চিকিৎসার অজুহাতে ২০১৬ সালে দুবাই চলে যান। ২০১৯ সালে সংবিধান লঙ্ঘনের দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। পরের বছর লাহোরের এক আদালত তার দণ্ড বাতিল করেন।
২০০০ সাল থেকে ক্ষমতাসীন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গণভ্যুত্থানের মুখে ২০২৪-এর শেষে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন। রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করা ও মিডিয়ার সঙ্গে যোগাযোগ না রাখার শর্তে রাশিয়া তাকে আশ্রয় দেয়। ২০২৫ সালে সিরিয়া তার প্রত্যর্পণ দাবি করে। ২০২৬ সালে সিরিয়ার আদালত তার মৃত্যুদণ্ড ঘোষণা করেন। এর আগে ক্ষমতায় থাকা অবস্থায় ফরাসি এক আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
একসময়কার রাষ্ট্র বা সরকারপ্রধানদের ক্ষমতা থেকে পতনের পর তাদের সর্বোচ্চ শাস্তির ঘটনা যেমন অনেক আছে, তেমন বিপরীতটাও আছে। মার্কোস ও মোশাররফের স্বাভাবিক মৃত্যু হয়। হাইলে মারিয়াম ও আসাদ এখনো রাজনৈতিক আশ্রয়ে আছেন। তবে এসবের পেছনে রয়েছে ক্রমাগত আন্তঃরাষ্ট্রীয় কূটনীতির পর্দা। শেখ হাসিনার জন্যও কি এমন পর্দা কাজ করছে! পর্দার আড়ালে কুশীলব কারা? নাকি এ শুধু ভারতীয় মিডিয়ার হাইপ বা রাজনীতিতে অনুপস্থিত অংশের বাকেট লিস্ট! বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রয়োজন কেউ ফেব্রুয়ারি মাসে দেখেনি। স্থিতিশীলতার স্বার্থে এখন কি কেউ তা দেখছে? শেখ হাসিনা কি সিরিয়ার আসাদ বা পাকিস্তানের মোশাররফ হবেন? জনগণকে পাশ কাটিয়ে নেওয়া কোনো সিদ্ধান্ত জনস্বার্থ নিশ্চিত করে না।
লেখক: সাবেক কূটনীতিক ও বিশ্লেষক




