ঋণনির্ভর উন্নয়নের অসম্পূর্ণ সমীকরণ

গ্রাফিকস: আগামীর সময়
একটা সময় বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমাদের স্বপ্নগুলো খুব বড় ছিল না। গ্রামের মানুষ চাইত ভালো রাস্তা, কৃষক চাইত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, উদ্যোক্তা চাইত সহজে পণ্য পরিবহনের ব্যবস্থা আর শিক্ষিত তরুণ চাইত এমন একটি চাকরি, যার আয় দিয়ে সংসার চালানোর পাশাপাশি কিছু সঞ্চয় করা যায়। আমরা বিশ্বাস করেছিলাম, অবকাঠামো ঘিরে নতুন শিল্প গড়ে উঠবে, উৎপাদন ও আয় বাড়বে। সেই আয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে বিনিয়োগ এবং বিনিয়োগ থেকে আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। এভাবেই দরিদ্র দেশটি ধীরে ধীরে সমৃদ্ধ হয়ে উঠবে।
বাংলাদেশ সে পথে অনেকটা এগিয়েছেও। গত দুই দশকে অর্থনীতির আকার বেড়েছে, দারিদ্র্য কমেছে, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে। তৈরি পোশাকশিল্প, কৃষি উৎপাদন ও প্রবাসী আয় লাখ লাখ মানুষের জীবন বদলে দিয়েছে। কিন্তু এ উন্নয়নের গল্পে একটি প্রশ্ন আমরা সম্ভবত যথেষ্ট গুরুত্ব দিয়ে করিনি। যে অর্থনীতি এত বড় হলো, তার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি কতটা বাড়ল?
একটি সড়ক নির্মাণের কথা ধরা যাক। নির্মাণকালে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে। কিন্তু সড়কটির প্রকৃত সাফল্য তখনই, যখন সেটি ব্যবহার করে কৃষক কম খরচে পণ্য বাজারে নিতে পারবেন, উদ্যোক্তার পরিবহন ব্যয় কমবে এবং নতুন শিল্প গড়ে উঠবে। অর্থাৎ অবকাঠামো নির্মাণের পাশাপাশি সেটিকে উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তর করাই দীর্ঘমেয়াদি উন্নয়নের শর্ত।
বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতায় এই দ্বিতীয় অধ্যায়টি কতটা সফল হয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।
বিশেষ করে ২০০৮-০৯ অর্থবছরের পর সরকারি উন্নয়ন ব্যয় ও বড় অবকাঠামো প্রকল্প অর্থনৈতিক অগ্রগতির দৃশ্যমান প্রতীক হয়ে ওঠে। এসব প্রকল্পের প্রয়োজন ছিল। কিন্তু অবকাঠামো সম্প্রসারণের সঙ্গে উৎপাদনশীল বেসরকারি বিনিয়োগ ও শিল্পের বিকাশ প্রত্যাশিত গতিতে ঘটেছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। বেসরকারি বিনিয়োগের দুর্বলতার পেছনে আর্থিক খাতের সমস্যা, নীতিগত অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কিন্তু সরকারের এই খাতে দীর্ঘমেয়াদি সংস্কারের আগ্রহ ততটা ছিল না, যতটা ছিল দ্রুত দৃশ্যমান উন্নয়নের পেছনে ছোটার।
সাম্প্রতিক পরিসংখ্যানের দিকে তাকালে এই উদ্বেগ আরও জোরালো হয়। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত জাতীয় হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশীয় সঞ্চয় ছিল জিডিপির ২৫ দশমিক ৭৬ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ২৩ দশমিক ২৫ শতাংশে দাঁড়ায়। একই সময়ে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৪ দশমিক ১৮ থেকে ২২ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সম্প্রসারণের পরও সঞ্চয় ও বিনিয়োগের এ প্রবণতা ভবিষ্যৎ প্রবৃদ্ধির ভিত্তি নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে।
অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস দেখিয়েছিলেন, বেসরকারি চাহিদা দুর্বল হলে সরকারি ব্যয় অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান বাড়াতে পারে। তবে সরকারি ব্যয়ের দীর্ঘমেয়াদি সুফল নির্ভর করে সে ব্যয় কতটা উৎপাদনক্ষমতা ও ভবিষ্যৎ আয়ের সুযোগ সৃষ্টি করছে, তার ওপর। অর্থনীতিকে সাময়িকভাবে সচল রাখা এবং দীর্ঘমেয়াদে নিজের শক্তিতে এগিয়ে যাওয়ার সক্ষমতা দেওয়া এক বিষয় নয়।
বাংলাদেশের ক্ষেত্রে এ পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ উন্নয়ন ব্যয়ের উল্লেখযোগ্য অংশ এসেছে ঋণ থেকে। ঋণ নিয়ে উন্নয়ন করা ভুল নয়। কিন্তু সেই বিনিয়োগ থেকে পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা তৈরি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে ঋণের দায় বহন করা যায়
বাংলাদেশের ক্ষেত্রে এ পার্থক্যটি গুরুত্বপূর্ণ, কারণ উন্নয়ন ব্যয়ের উল্লেখযোগ্য অংশ এসেছে ঋণ থেকে। ঋণ নিয়ে উন্নয়ন করা ভুল নয়। কিন্তু সেই বিনিয়োগ থেকে পর্যাপ্ত অর্থনৈতিক সক্ষমতা তৈরি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে ঋণের দায় বহন করা যায়।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, সরকারি ঋণ-জিডিপি অনুপাত ২০২৪-২৫ অর্থবছরের ৩৮ দশমিক ৯ থেকে ২০২৭-২৮ অর্থবছরে ৪৫ শতাংশ ছাড়াতে পারে। এই অনুপাত নিজেই বিপৎসীমার প্রমাণ নয়। উদ্বেগের বিষয় হলো, ঋণের দায় বাড়লেও সরকারের রাজস্ব সংগ্রহের সক্ষমতা একই গতিতে বাড়ছে না। এর সঙ্গে বেতন, পেনশন, ভর্তুকি ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান ব্যয় ভবিষ্যতের উন্নয়ন বিনিয়োগের সুযোগ সীমিত করার আশঙ্কা সৃষ্টি করছে। কিন্তু উন্নয়নের এ সংকট শুধু সরকারি হিসাবের বিষয় নয়। এর প্রভাব গিয়ে পৌঁছায় সাধারণ মানুষের জীবনে।
কথা ছিল, অর্থনীতি বড় হলে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মানুষের আর্থিক নিরাপত্তা বাড়বে। বাস্তবে আমাদের কর্মসংস্থানের বড় অংশ এখনো অনানুষ্ঠানিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, মোট কর্মসংস্থানের ৮৪ দশমিক ৯ শতাংশ ছিল অনানুষ্ঠানিক। এসব কাজে নিয়মিত আয় ও সামাজিক সুরক্ষার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই সীমিত। ফলে পরিসংখ্যান বলছে একজন মানুষ কাজ করছেন, তিনি বেকার নন। কিন্তু কাজ আছে বলেই যে তিনি অর্থনৈতিকভাবে নিরাপদ, তা-ও নয়।
এ অনিশ্চয়তা বুঝতে হলে জাতীয় অর্থনীতির পরিসংখ্যান থেকে সাধারণ মানুষের সংসারের হিসাবে তাকাতে হবে। জিডিপি কত বড় হলো, তার পাশাপাশি মাস শেষে একটি পরিবারের হাতে কত টাকা অবশিষ্ট থাকছে, সেটিও উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, ২০০০ সালে একটি পরিবারের গড় মাসিক আয় ছিল ৫ হাজার ৮৪২ এবং ভোগব্যয় ছিল ৪ হাজার ৫৩৭ টাকা। অর্থাৎ আয়ের প্রায় ২২ দশমিক ৩ শতাংশ অবশিষ্ট থাকত। ২০১০ সালে এই হার নেমে আসে ৪ দশমিক ২ এবং ২০১৬ সালে মাত্র ৩ দশমিক ৬ শতাংশে।
২০২২ সালে একটি পরিবারের গড় মাসিক আয় ছিল ৩২ হাজার ৪২২ এবং ভোগব্যয় ৩০ হাজার ৬০৩ টাকা। অন্যান্য ব্যয় বিবেচনায় নিলে অবশিষ্ট থাকত মাত্র ৯২২ টাকা, অর্থাৎ আয়ের প্রায় ২ দশমিক ৮ শতাংশ। এই হিসাব সরাসরি নিট সঞ্চয় নয় এবং বিভিন্ন বছরের তুলনায় জরিপের সংজ্ঞাগত পার্থক্যও বিবেচ্য। তবু পরিসংখ্যানগুলো পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য অর্থ অবশিষ্ট রাখার সীমাবদ্ধতা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে।
অথচ পরিসংখ্যান বলে, একই সময়ে আবার দারিদ্র্য কমেছে উল্লেখযোগ্য হারে। অর্থাৎ আমাদের উন্নয়নে যে একটা অদ্ভুত বৈপরীত্য আছে, তা সামনে চলে আসে। কারণ দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা আর অর্থনৈতিকভাবে নিরাপদ হয়ে ওঠা এক বিষয় নয়। একটি পরিবার আজ দরিদ্র না হলেও কয়েক মাস আয় বন্ধ থাকলে আবার দারিদ্র্যে ফিরে যেতে পারে। করোনাকালে বহু পরিবারের অভিজ্ঞতা এই দুর্বলতা প্রকাশ করেছে। একইভাবে হঠাৎ চিকিৎসার ব্যয়ও পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সরকারি গবেষণার তথ্য অনুযায়ী, ২০২২ সালে নিজের পকেট থেকে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ১ কোটি ৮ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন।
বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর Poverty and Equity Brief অনুযায়ী, বাংলাদেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষ দারিদ্র্যসীমার সামান্য ওপরে অবস্থান করছেন। দুর্বল শ্রমচাহিদা ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ২০২৫-২৬ অর্থবছরে আনুমানিক ২১ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যের মধ্যে পড়েছেন বলে সংস্থাটি প্রাক্কলন করেছে।
এই পরিসংখ্যানগুলো থেকে একটি মৌলিক প্রশ্ন তৈরি হয়, দীর্ঘদিনের অর্থনৈতিক সম্প্রসারণের সুফল উৎপাদনশীল বিনিয়োগ, মানসম্মত কর্মসংস্থান এবং মানুষের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তায় কতটা রূপান্তরিত হয়েছে? সাম্প্রতিক অর্থনৈতিক প্রবণতা ও সাধারণ মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা কোনোটিই এ প্রশ্নকে পুরোপুরি আশ্বস্ত করে না।
বাংলাদেশের সামনে তাই এখন চ্যালেঞ্জ অর্থনীতির আকার বাড়ানোর নয়; বরং অর্জিত প্রবৃদ্ধিকে বেশি উৎপাদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবস্থায় রূপান্তর করাটাই আসল চ্যালেঞ্জ। এজন্য সরকারি বিনিয়োগের মাধ্যমে দৃশ্যমান অবকাঠামো তৈরি করে উন্নয়নের ডঙ্কা বাজানোর চেয়ে বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি করা এবং রাজস্ব সক্ষমতা বাড়িয়ে ঋণনির্ভরতা কমানো বেশি জরুরি। একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মানুষের প্রকৃত আয় ও সঞ্চয়ের সক্ষমতা রক্ষা করতে হবে।
একটি দেশের অর্থনীতি বড় হওয়া তখনই অর্থবহ, যখন প্রান্তিক পর্যায়ের মানুষও নিজের ভবিষ্যৎকে আগের চেয়ে বেশি নিরাপদ মনে করতে পারেন। তিক্ত সত্যি হলো, বাংলাদেশের নিম্নবিত্ত থেকে উচ্চমধ্যবিত্তও এখন তাদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি শঙ্কিত। বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন সেই শঙ্কা কাটিয়ে উঠতে সাহায্য করা।
লেখক: উন্নয়নকর্মী




